সামনের ম্যাচেই মনোযোগ
একাডেমি মাঠে ওয়ার্মআপ শেষে ইনডোরের দিকে যাওয়ার সময় জেমি সিডন্স কী নিয়ে যেন রসিকতা করলেন মাশরাফির সঙ্গে।যাওয়ার পথে দুষ্টুমি হলো মাশরাফি-আশরাফুলেও।ইনডোরে পুরো রানআপ আর গতিতে বল করলেন মাশরাফি। এক ফাঁকে উঠে এসে সাকিব আল হাসানের সঙ্গে সিরিয়াস ভঙ্গিতে কিছুক্ষণ কথা বলে গেলেন।বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন কালও বলেছেন, কেউ ইনজুরিতে না পড়লে মাশরাফির বিশ্বকাপ দলে আসার সম্ভাবনা নেই। কিন্তু বিশ্বকাপের দলের বাইরে থেকেও মাশরাফি বিন মুর্তজা সবকিছুতেই আছেন। মনের মধ্যে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারার যন্ত্রণা নিয়ত খোঁচালেও সেটা ভুলে মিশে থাকতে চাইছেন উৎ সবের আবহে। কাল অনুশীলন শেষে আরও একবার মনে করিয়ে দিলেন, ‘আমি তো আগেও বলেছি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। প্র্যাকটিস করছি নিজেকে তৈরি রাখতে। যদি প্রয়োজন হয় যেন সেরা খেলা খেলতে পারি।’বিশ্বকাপের আগে থেকে শুরু, ভারত ম্যাচের পর এখন আয়ারল্যান্ড ম্যাচের আগেও মাশরাফির ব্যাপারটা থাকছে। প্রথম ম্যাচের পর অবশ্য বাংলাদেশ দল নিয়ে মূল আলোচনাটা টস জিতে সাকিবে আগে বল করার সিদ্ধান্ত নিয়ে। সিদ্ধান্তের পক্ষে সাকিব-তামিম আগেই কথা বলেছেন, কাল জেমি সিডন্সও নিলেন শক্ত অবস্থান, ‘আগে ব্যাটিং নিলেও মিডিয়া সমালোচনা করে, আগে বোলিং নিলেও তাই। আমি তাহলে কী বলব? আমার পক্ষে তো দুটিই একসঙ্গে নেওয়া সম্ভব না!’ টসে হারার পর ভারত অধিনায়ক ধোনি বলেছিলেন, জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। তা ছাড়া ম্যাচের আগের রাতেও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শিশির দেখে গেছেন। সব মিলিয়ে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ঠিকই আছে মনে করেন বাংলাদেশ কোচ। তবে মানছেন, ‘বোলারদের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। আর একটা ম্যাচই তো মাত্র...তা-ও সম্ভবত বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে। তবে আমরা ভালো বল করিনি।’ কোচ বোলিংয়ের সমালোচনা করলেও মাশরাফি এখানেও বাংলাদেশের বিশ্বকাপ-সারথি, ‘তবে একটা ম্যাচই সবকিছু না। যারা এখন খেলছে তাদেরও ভালো করার সামর্থ্য আছে।’টস নিয়ে আলোচনাটা শেষ হয়েও হচ্ছে না বলে, নইলে ভারতবিষয়ক আলোচনা আর তুলতে চায় না বাংলাদেশ দল। ২৫ ফেব্রুয়ারি আয়ারল্যান্ড ম্যাচ, এরপর ম্যাচ থাকবে আরও চারটা। কাল অনুশীলন শেষে সহ-অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে গেলেন, সবার চিন্তাভাবনায় এখন এই ম্যাচগুলোই, ‘যেটা চলে গেছে, গেছে। আরও পাঁচটা ম্যাচ আছে, এখন ওগুলো নিয়েই চিন্তা। তবে আমরা আপাতত পুরোপুরি ফোকাস করছি আয়ারল্যান্ড ম্যাচের ওপর।’ছোটদের বড় দল হিসেবে আয়ারল্যান্ড মাঝেমধ্যে হুমকি হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। তবে দলটা অনেক দিন থেকেই প্রায় একই রকম বলে আইরিশ খেলোয়াড়দের ভালোভাবেই চেনা বাংলাদেশ দলের। ২৫ ফেব্রুয়ারির ম্যাচে এটাকেই প্লাস পয়েন্ট ভাবছেন তামিম, ‘ওদের সঙ্গে অনেক খেলেছি এবং প্রায় এই খেলোয়াড়দের বিপক্ষেই। আমরা জানি, ওরা কোন জায়গায় বল খেলতে পছন্দ করে, কোন জায়গায় খেলতে পছন্দ করে না। পরিকল্পনা কাজে লাগাতে পারলে আমরা অবশ্যই সফল হব, ভারতের বিপক্ষে যেটা পারিনি।’আয়ারল্যান্ড চেনা, তবে তামিমের কাছে সহজ প্রতিপক্ষ নয়, ‘বিশ্বকাপে কোনো ম্যাচের আগেই আয়েশি হওয়ার সুযোগ নেই। আয়েশি হলেই বড় কিছু হারাতে হতে পারে। আমরা যেভাবে ভারতকে নিয়েছি একইভাবে নেব আয়ারল্যান্ডকেও। ওরাও ভালো দল, ভালো খেললে তারাও বিশ্বের যেকোনো দলকে হারাতে পারে।’সেটা বাংলাদেশও পারে এবং পারে বলেই তামিম স্বপ্ন দেখেন, বাংলাদেশ এবার কমপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে। তিনি করবেন বিশ্বকাপের সবচেয়ে বেশি রান। দেখা যাক, দেশের মাটির বিশ্বকাপটাকে তামিম সত্যিকার অর্থেই বাংলাদেশের বিশ্বকাপ করতে পারেন কিনা।