সাময়িক নিষিদ্ধ আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ আশরাফুল
মোহাম্মদ আশরাফুল

বিপিএলে ফিক্সিং কেলেঙ্কারিতে মোহাম্মদ আশরাফুলকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সাময়িক নিষেধাজ্ঞার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। এর আগে বোর্ড সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন বোর্ড সভাপতি।
গত পরশু আরেক দফা তদন্ত শেষে ঢাকা ছাড়েন আইসিসি দুর্নীতি দমন বিভাগের (আকসু) দুই কর্মকর্তা। যাওয়ার আগে তদন্তের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবি সভাপতিকে অবহিত করেন তাঁরা। এ নিয়ে অবশ্য মুখ খুলছিলেন না বিসিবির কেউই।
নাজমুল হাসানও আকসুর তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে কিছু বলতে রাজি হননি। শুধু বলেছেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। নাজমুল জানিয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে আশরাফুল নিজে আকসুর কাছে সব অপরাধ স্বীকার করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে, যে খবরগুলোর প্রতিবাদ আশরাফুল করেননি। ফলে আপাতত তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চূড়ান্ত প্রতিবেদন আসার পর স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন নাজমুল।

এবারের আইপিএলে তিনটি ম্যাচ নিয়ে সন্দেহ আছে আকসুর। গত ২ ফেব্রুয়ারি ঢাকা-চিটাগং এবং ১১ ফেব্রুয়ারি ঢাকা-খুলনা এবং ১২ ফেব্রুয়ারি ঢাকা-বরিশাল—এই তিন ম্যাচে নানা অনিয়ম হয়েছে বলে আকসুর কাছে আশরাফুল স্বীকারও করেছেন বলে জানা গেছে। এ ছাড়া বাংলাদেশের কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ নিয়েও যে আকসু তদন্ত করছে, সেটাও স্বীকার করেছেন নাজমুল।