সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিল ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাম সারোয়ার টিপু
গোলাম সারোয়ার টিপু

ব্রাজিলকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই। বেশির ভাগ বিশ্লেষকই সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিলকে রাখছেন সবার ওপরে। কিন্তু দুেঃখর সঙ্গে দেখছি, সবার ধারণা ভুল প্রমাণ করার জন্য যেন উঠেপড়ে লেগেছে স্কলারির দল। নইলে দলটি এমন খেলবে কেন!
ব্রাজিল ‘কেমন ফুটবল খেলেছে’, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে বিশ্বজুড়েই। প্রথম ম্যাচে আহামরি খেলেনি। ‘শুরুতে এমন হতেই পারে’ বলে নাহয় ছাড় দেওয়া গেল। কিন্তু দ্বিতীয় ম্যাচ? এদিন তো ভালো খেলার দাবি মেটাতে ব্যর্থ ব্রাজিল। তবু ব্রাজিলকে নিয়ে আশাবাদী লোকের সংখ্যা বিশ্বজুড়েই অগুনতি। পক্ষান্তরে এই ফুটবল দেখে নিরাশাবাদী দল ভারী হওয়ার কথা। আমি দ্বিতীয় দলেই রাখছি নিজেকে। এই ব্রাজিলের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলে সেটা অবান্তর হবে না। ঘরের মাঠে বিশ্ব-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কত দূর যেতে পারবে, সেটাও সংশয়াতীত নয়।
আমার চোখে ব্রাজিলের সমস্যার ভরকেন্দ্রে তাদের আক্রমণভাগ, যা দিয়ে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙা কঠিনতর কাজ মনে হচ্ছে। পরশুর মেক্সিকো ম্যাচে স্কলারির দলের আক্রমণের অন্যতম অস্ত্র ফ্রেড এত নিষ্প্রভ থাকলেন, অবাকই লাগছিল। প্রথম দিকে গোটা তিনেক আক্রমণেই তিনি অফসাইডে। এটা আশা করা যায় না। তাঁর বদলি হয়ে নামা জো-ও কিছু করতে পারেননি। এটা শিরোপার সবচেয়ে বড় দাবিদারের জন্য বড় রকমের সতর্ক বার্তা।
ভোঁতা আক্রমণ দেখেই কি না স্কলারির ডিফেন্ডাররা ছুটোছুটি শুরু করলেন, যা অন্য ম্যাচের চেয়েও তুলনামূলক বেশিই। দানি আলভেজ, মার্সেলোরা আক্রমণে সহায়তা করতে উঠেছেন। কিন্তু মেক্সিকোর জমাট রক্ষণ চিরে ভেতরে ঢোকার ছাড়পত্র আদায় করতে পারছিলেন না। যেটা মেক্সিকোর বড় সাফল্য । ব্রাজিলের মতো প্রতিপক্ষের সামনে দেয়াল তুলে রাখা সহজ ব্যাপার নয়! এ জন্য বাহবা পাওয়া উচিত মেক্সিকোর। এই ম্যাচের আগে দুই দলের ১৩ সাক্ষাতে ব্রাজিলের জয় চার ম্যাচে। মেক্সিকোর সাত! কাজেই ব্রাজিল মাঠে নামবে আর জিতবে—এমন মনে করার কারণ ছিল না।
একা নেইমার কী করবেন! যা একটু চেষ্টা তিনিই তো করেছেন, বাকিদের মধ্যে সেটার অনুপস্থিতি পীড়াদায়ক। অস্কারের সাদামাটা ও ধীর ছিলেন, এত উঁচু স্তরের ম্যাচের সঙ্গে যা বেমানান। ফলে অ্যাটাকিং থার্ডে ঢোকার পর যে ফুটবলটা খেলা প্রয়োজন ছিল ব্রাজিলের, সেটার কাছাকাছিও তারা যেতে পারেনি।
ব্রাজিলের খেলা বহু বছর ধরে দেখছি। এই দেশের ফুটবলাররা মাঠে নামলে শরীরে একটা শিহরণ জাগে। ছন্দময় খেলাই ওদের বড় সম্পদ, সেই ছন্দময় ব্রাজিল ঘরের মাঠের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই উধাও। খেলোয়াড়দের পায়ের অসাধারণ কারুকাজ কই! দ্বিতীয় ম্যাচে এসব ভীষণভাবে মিস করলাম আগাগোড়া।
মেক্সিকানরা বরং দূর থেকে যেভাবে শট নিচ্ছিল ব্রাজিলের পোস্টে, লক্ষ্য ঠিক থাকলে জানি না কী হতো! প্রশংসা পাবেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া। চীনের প্রাচীর হয়ে উঠেছিলেন তিনি। বিশেষ করে নেইমার ও অস্কারের হেড বাঁচানোর দৃশ্যটা অনেক দিন মনে থাকবে। এক অর্থে বলাই যায়, ব্রাজিলকে ৩ পয়েন্ট পেতে দেননি এই ওচোয়াই ।
ভুল, জেতার মতো খেলতে পারেনি ব্রাজিল। এটা কোনোক্রমেই ব্রাজিলের খেলা নয়। সাধারণত ওরা সাইড টু সাইড খেলে, পায়ে বল রাখে অনেকটা সময়। অনেকগুলো পাস খেলে। সমানে বল দেওয়া-নেওয়া করে। একটা শিল্পের ছোঁয়াও খঁুজে পাওয়া যায় এতে। এভাবে খেলতে খেলতেই ফাইনাল একটা পাসে গোলের রাস্তা বের করে নেয়। এদিন সেটা পারেনি। দ্রুত ব্রেক থ্রু আনার জন্য মাঠে কার্যকর ছিল না ব্রাজিলিয়ানরা ।
বিশ্বকাপ শুরুর আগে বলেছিলাম, দলগুলোর মধ্যে দূরত্ব কমে এসেছে অনেক। বাস্তবেও তাই দেখছি। বড় দলগুলোর একতরফাভাবে জয় নিয়ে মাঠ ছাড়া অনেক কঠিন হয়ে পড়েছে। ব্রাজিল তা উপলব্ধি করছে। তাই ব্রাজিলকে ব্রাজিলের মতো হয়ে উঠতে হবে। নইলে বিপদের গন্ধ পাচ্ছি! ষষ্ঠ শিরোপার অভিযানে ব্রাজিল শেষ গ্রুপ ম্যাচে জ্বলে উঠবে, ওদের সামর্থ্য নিয়ে ওঠা প্রশ্ন ভুল প্রমাণ করবে, এটাই প্রত্যাশা।
ওদিকে দক্ষিণ কোরিয়াকে বেশ ভালো লাগল। গতি আছে দলটার মধ্যে। প্রথমে এগিয়েও গিয়েছিল। রুশ গোলরক্ষকের ভুলেই ওই গোল। পরে রাশিয়া ম্যাচে ফিরেছে। সব মিলিয়ে ম্যাচটা ভালোই হয়েছে। ব্রাজিলকে নিয়ে হতাশার িদনে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখল কোরিয়া-রাশিয়া।