সামর্থ্যকে ছাড়িয়ে যেতে চায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের সেরা দুই টেস্ট দল মুখোমুখি হচ্ছে এ বছরের শুরুতেই। ১৭ জানুয়ারি দুবাই টেস্ট দিয়ে শুরু পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজ। ২০১১-তে দলীয় সাফল্যের দিক দিয়ে ইংল্যান্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে পাকিস্তান। তবে টেস্টে গত বছর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান তৌফিক উমরের ধারণা, ইংল্যান্ডকে হারাতে হলে সামর্থ্যের চেয়েও বেশি ঢেলে দিতে হবে পাকিস্তানকে।২০১১-এর একমাত্র অপরাজিত টেস্ট দল ছিল ইংল্যান্ড, ৮ টেস্টে জিতেছে ৬টিতেই। অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়ায়, হোয়াইটওয়াশ করেছে ভারতকে, সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষেও। পাকিস্তান ক্রিকেটের জন্য বছরটি ছিল অবিশ্বাস্য পুনরুত্থানের বছর। অপ্রত্যাশিতভাবে উঠেছিল বিশ্বকাপের সেমিফাইনালে, ওয়ানডেতে তারা বছরের সফলতম দল। ১০ ম্যাচের ৬টি জিতে এবং মাত্র ১টি হেরে টেস্টে ছিল ঠিক ইংল্যান্ডের পেছনেই। যেটি পাকিস্তানের ইতিহাস-সেরা বছর।তবে তৌফিক বলছেন, ‘ইংল্যান্ড দারুণ খেলছে, দলীয় সমন্বয়ও অসাধারণ। সবাই দুর্দান্ত ফর্মে। গত গ্রীষ্মে ভারতকে নাস্তানাবুদ করে প্রমাণ করেছে তারা কতটা শক্তিশালী। পাকিস্তানের জন্য সিরিজটি হবে ভীষণ কঠিন। আমার ধারণা, ইংল্যান্ডকে হারাতে আমাদের সামর্থ্যের চেয়েও বেশি খেলতে হবে।’অনেকেই বলছেন দুবাই-আবুধাবির প্রাণহীন উইকেটে খুব বেশি সুবিধা করতে পারবেন না অ্যান্ডারসন-ব্রড-ব্রেসনান-ট্রেমলেটরা। তবে এই ধারণায় বিশ্বাস নেই তৌফিকের, ‘আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বলে, বিশ্বমানের বোলাররা যেকোনো উইকেটেই মানিয়ে নিতে পারে। ইংল্যান্ডের বোলিং আক্রমণ বিশ্বমানের এবং তারা জানে মধ্যপ্রাচ্যের কন্ডিশনে কীভাবে বোলিং করতে হয়। এই কন্ডিশনে যা যা করতে হবে, সেসবের প্রস্তুতি নিয়েই আসবে তারা। উপমহাদেশে তারা আগেও খেলেছে, কাজেই কন্ডিশন বড় সমস্যা নয়। তবে আমরা দারুণ খেলছি। সামর্থ্যের সেরাটা খেলতে পারলে আমরাও ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে পারব।’ ওয়েবসাইট।গত বছর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করলেও (১০ টেস্টে ৩ সেঞ্চুরিতে ৮৩১) মন্থর ব্যাটিং করায় তৌফিক কিছুটা সমালোচিতও। দলের ও নিজের দারুণ সাফল্যের পরও একই সমালোচনা হজম করতে হয়েছে মিসবাহ-উল-হককেও। তবে পাকিস্তান অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন কোচ মহসিন খান, ‘সবাইকে বুঝতে হবে, ওর যে বয়স, তাতে ও সব সময়ই ভয়ে থাকে, হয়তো ২-৩ ইনিংস খারাপ করলেই বাদ যেতে হতে পারে। ভয় থেকেই ও ঝুঁকিহীন ব্যাটিং করতে চায়। তবে আমি ওকে বলেছি, ওসব না ভেবে নিজের কাজটা ঠিকঠাক মতো করতে, যেটা ও দারুণভাবেই করছে।’