সামাজিক জীবন নিয়ে চাপে ওজিল
মাঠের বাইরে মেসুত ওজিলের জীবনধারাই নাকি তাঁকে নিষ্প্রভ করে রেখেছে। এই মৌসুমের শুরুতে প্রত্যাশামাফিক নিজের সেরাটা এখনো ক্লাব রিয়াল মাদ্রিদকে দিতে পারেননি এই জার্মান মিডফিল্ডার। তবে মেসুত ওজিল নিজে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মাঠের বাইরে কোনো উচ্ছৃঙ্খল জীবনযাপনে তিনি অভ্যস্ত নন এবং মৌসুম শুরু হওয়ার পর থেকে শতভাগ পেশাদারির সঙ্গেই তিনি দায়িত্ব পালন করে চলেছেন।স্পেনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ফুটবোলারস’ সম্প্রতি দাবি করেছে, ২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার মাঠের লড়াইয়ে এক বছর ধরেই নিষ্প্রভ। এর নেপথ্য কারণ হিসেবে ‘ফুটবোলারস’ তাঁর সামাজিক জীবনধারার কথা তুলে ধরেছে। অনুষ্ঠানটি দাবি করেছে, মাঠের বাইরে মেসুত ওজিলের অসংলগ্ন জীবনধারা তাঁর পারফরম্যান্সে খারাপ প্রভাব সৃষ্টি করেছে। ‘ফুটবোলারস’ আরও জানিয়েছে, কোচ হোসে মরিনহোও নাকি মেসুত ওজিলের সামাজিক জীবনযাপন নিয়ে একেবারেই খুশি নন। ‘ফুটবোলারস’ অনুষ্ঠানে তাঁকে নিয়ে এ ধরনের আলোচনার কোনো মানেই খুঁজে পাচ্ছেন না তুরস্কে জন্ম নেওয়া এই জার্মান ফুটবলার। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে তিনি জানিয়েছেন, ‘ফুটবোলারস’ অনুষ্ঠানে তাঁকে নিয়ে যেসব বিষয়ে আলোচনা হয়েছে, তা ডাহা মিথ্যা। তিনি বলেন, ‘মাঠের বাইরে আমি কখনোই অসদাচরণে অভ্যস্ত নই; বরং মৌসুমের শুরু থেকে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে আমি আমার অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছি।’তিনি আরও বলেন, ‘রাতের পর রাত আমি বাইরে থাকি, এ কথা ওই অনুষ্ঠানে আলোচিত হয়েছি। তবে আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, মৌসুম শুরু হওয়ার পর এমন কোনো ঘটনা আমি ঘটাইনি।’মেসুত ওজিল যা-ই বলুন না কেন, রিয়াল মাদ্রিদ তাঁর পারফরম্যান্সে যে খুশি নয়, সেটা অবশ্য প্রমাণিত হয়েছে ক্রোট প্লে-মেকার লুকা মদ্রিচের বার্নাব্যুতে আগমনের মধ্য দিয়ে। কথাবার্তা শোনা যাচ্ছে, অচিরেই ওজিলকে ছেড়ে দিতে যাচ্ছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা। গত মৌসুমে অবশ্য দারুণ পারফরম করে এই মেসুত ওজিলই রিয়ালের লা লিগা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গোল ডটকম।