সামান্য জরিমানাতেই পার জুলকারনাইন
পাকিস্তানের ক্রিকেট মানেই অদ্ভুতুড়ে সব কাজ-কারবার। তবে জুলকারনাইন হায়দারের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মিটমাটের ঘটনাটা মনে হয় একটু বেশিই অভিনব! গত নভেম্বরে দুবাইয়ের টিম হোটেল থেকে উধাও হয়ে গিয়ে এত এত বিতর্কিত খবরের জোগান দিয়েছিলেন যিনি, সেই জুলকারনাইনের সঙ্গে পিসিবি ঝামেলা মিটিয়ে ফেলল ছোট এক অঙ্কের জরিমানার মাধ্যমে।অপরাধ বিবেচনায় শাস্তিটা লঘুই, আচরণবিধি ভঙ্গের দায়ে জুলকারনাইনকে জরিমানা করা হয়েছে ৫ লাখ রুপি। আর এক বছর রাখা হবে পর্যবেক্ষণে। মানে পর্যবেক্ষণ পর্বটা ভালোয় ভালোয় উতরে গেলে জুলকারনাইনকে দেখা যেতে পারে পাকিস্তান জাতীয় দলেও! জুলকারনাইনও স্বপ্ন দেখছেন জাতীয় দলে ফেরার। এএফপি, ওয়েবসাইট।শাস্তিটা কম হওয়ার কারণ, একটি টেস্ট আর ৪টি ওয়ানডে খেলা এই উইকেটকিপার তাঁর ভুল অকপটে স্বীকার করেছেন। ক্যানসারে আক্রান্ত বাবার কথা বলে কমিটির কাছে কম শাস্তির জন্য অনুরোধও করেন। শুধু তা-ই নয়। লন্ডনে অন্তর্ধানে থাকার সময় সতীর্থদের বিপক্ষে অনেক অভিযোগই করেছিলেন জুলকারনাইন। নাম বলে দেওয়ার হুমকিও দিয়েছিলেন। কিন্তু নাম বলা দূরের কথা, উল্টো সব অভিযোগই তুলে নেবেন তিনি।