সামি মানসিকভাবে দুর্বল: শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছিলেন। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার এবার মনোযোগ দিলেন এক সময়কার নতুন বলে তাঁর সঙ্গী মোহাম্মদ সামির দিকে। গতকাল সোমবার সামিকে ‘মানসিকভাবে দুর্বল’ বলে অভিহিত করেছেন তিনি।গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানান শোয়েব। সামি খেলে যাচ্ছেন এখনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁকে রেখেছেন পাকিস্তানি নির্বাচকেরা। সামির সঙ্গে খেলার অভিজ্ঞতা প্রশ্নে সাংবাদিকদের শোয়েব বলেছেন, ‘সামি মানসিকভাবে দুর্বল খেলোয়াড়। ও চাপ নিতে পারে না।’শোয়েব দাবি করেন, সামিকে ‘করাচি এক্সপ্রেস’ হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। তাঁকে সব সময় বলা হতো, পাকিস্তান দলে তোমার প্রতিদ্বন্দ্বী শোয়েব। সামি তাঁর সঙ্গে পাল্লা দিয়ে বল করার চেষ্টাও করতেন। কিন্তু লাইন ও লেংথ ধরে রাখতে পারতেন না।ঘণ্টায় ১০০ মাইল বেগে বল করার একমাত্র রেকর্ডধারী শোয়েব বলেন, ‘সামির সঙ্গে অনেক খেলেছি আমি। আমার পর্যবেক্ষণ, সে লড়াই করার চেষ্টা করত, কিন্তু শৃঙ্খলা বজায় রাখতে পারত না। যখন আমরা একসঙ্গে বল করতাম, প্রতিপক্ষ ব্যাটসম্যানরা চাপে থাকত। এ অবস্থায় ও ভালো বল করত।’ শোয়েব জানান, খেলার সময় তাঁর লক্ষ্য ছিল একটাই, এক স্পেলেই প্রতিপক্ষকে পর্যুদস্ত করা। ‘আমি সময় সময় আক্রমণাত্মক ছিলাম এবং উইকেট শিকারের চেষ্টা করেছি। একজন ফাস্ট বোলারের কাজটা ঠিক আমার মতোই।’ বলেছেন শোয়েব।সামির সাম্প্রতিক পারফরম্যান্স ভালো নয়। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। এর পরও বিশ্বকাপ দলে নির্বাচকেরা তাঁকে রাখায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস শ্রীলঙ্কায় সামির পারফরম্যান্সের সমালোচনা করেছেন। তাঁর মতে, জুনায়েদ খানকে বাইরে রেখে সামিকে নেওয়া ঠিক হয়নি। প্রধান নির্বাচক ইকবাল কাশিম জানিয়েছেন, অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও কোচ ডেভ হোয়াটমোরের পরামর্শেই দলে নেওয়া হয়েছে সামিকে। দুই দিন আগে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার চেষ্টা না করতে পিসিবিকে পরামর্শ দেন শোয়েব। তিনি জানান, বিদেশিদের নিয়ে সিরিজ আয়োজনের মতো পরিস্থিতি পাকিস্তানে নেই। এই অবস্থায় বিদেশি দলকে আমন্ত্রণ জানানোটা ঝুঁকিপূর্ণ।রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের শোয়েব বলেন, ‘আমাদের নাগরিকেরা নিরাপদ নয়। দেশে একরকম যুদ্ধ চলছে। এ অবস্থায় বিদেশি দলকে আমন্ত্রণ জানানোটা ঝুঁকিপূর্ণ।’ শোয়েবের বক্তব্যের প্রতিক্রিয়ায় পিসিবির একজন কর্মকর্তা জানান, কিছু বিষয়ের স্পর্শকাতরতা শোয়েবের বোঝা উচিত। ওই কর্মকর্তা বলেন, সবাই জানে, এই মুহূর্তে পাকিস্তানের সত্যিকারের অবস্থা কী। সবকিছু জনসম্মুখে বলা ঠিক নয়। তবে সাবেক ক্রিকেটার হিসেবে মত প্রকাশের অধিকার রয়েছে, যদিও সেগুলো পাকিস্তান ক্রিকেটের জন্য মঙ্গলজনক নয়। সূত্র: পিটিআই।