সামির নাসরির আশা
এবার ফ্রান্সকে কিছু একটা করে দেখাতেই হবে। গত ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ফ্রান্স। ব্যর্থতার ধারা অব্যাহত রাখে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপেও। সেখানেও প্রথম পর্ব থেকেই লজ্জাজনকভাবে বিদায় নিতে হয় ১৯৮৪ ও ২০০০ সালের ইউরো এবং ১৯৯৮-এর বিশ্বকাপজয়ী ফরাসি দল। এবার কোচ লরেন্ত ব্লঁ’র অধীনে একঝাঁক নতুন প্রজন্মের খেলোয়াড় নিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের।সামির নাসরি ফ্রান্সের সেই নব প্রজন্মেরই এক প্রতিনিধি। ম্যানচেস্টার সিটির হয়ে এবারের মৌসুম কাটানো নাসরি অবশ্য আসন্ন ইউরোয় ফ্রান্সের ভালো সুযোগই দেখছেন। ইংল্যান্ড, স্বাগতিক ইউক্রেন ও সুইডেনের গ্রুপ সঙ্গী ফ্রান্সের পক্ষে অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়াটা কোনো সমস্যা হবে না বলেই মনে করেন এই তরুণ মিডফিল্ডার। তাঁর মতে, ওয়েইন রুনির বহিষ্কারাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও ফ্রান্সকে দারুণ সুবিধা দেবে। বহিষ্কারাদেশের কারণে ইংল্যান্ডের মূল ভরসা ওয়েইন রুনি ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না। গত অক্টোবরে মন্টেনিগ্রোর বিপক্ষে রুনি লাল কার্ড দেখেছিলেন মিওদ্রাগ জুদোভিচকে লাথি মেরে। সেই অপরাধে দুটি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা চেপেছে রুনির ঘাড়ে। আগামী ১১ জুন ইংল্যান্ড ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ফ্রান্সের বিপক্ষে। ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামাটা ফ্রান্সের জন্য শাপে-বর হয়েছে। কারণ, ওই ম্যাচে ওয়েইন রুনি খেলতে পারবে না।’ সামির নাসরির মন্তব্য।ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে সামির নাসরি এ মুহূর্তে ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য নিজেকে প্রস্তুত করছেন। প্যারিসের কাছে চলছে ফ্রান্সের অনুশীলন ক্যাম্প। তবে ৪৪ বছর পর ম্যানচেস্টার সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতিয়ে একটু বিশ্রামই প্রত্যাশা ছিল নাসরির। কিন্তু দেশের ডাকে সারা দিয়ে তাঁকে এখন আবার ফুটবলেই মনোনিবেশ করতে হচ্ছে। তবে ইউরোর আগে নিজের শরীর ও মনের পরিচর্যাই আপাত লক্ষ্য নাসরির। ম্যানচেস্টার সিটির লিগ বিজয়ের আনন্দ একেবারেই ভুলতে পারছেন না নাসরি। বিশেষ করে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে শেষ ম্যাচটিতে পিছিয়ে পড়েও ইনজুরি টাইমে দুটি গোল ফিরিয়ে দেওয়ার স্মৃতিটিই তাঁকে সবচেয়ে নাড়া দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে নাসরি বলেছেন, ‘লিগ জয়ের উন্মাদনা কিছুটা শান্ত হয়ে আসার পর আমি কয়েকবার ম্যাচটি দেখেছি। আমি অবাক হয়ে দেখেছি, সত্যিই ওই মুহূর্তে অন্যগ্রহের খেলাই খেলেছিলাম আমরা।’ইউরো চ্যাম্পিয়নশিপের আগে নিজের শরীর ও মনকে বিশ্রাম দেওয়াটা জরুরি মনে করছেন নাসরি। জানিয়েছেন, ‘পুরো মৌসুমটি অনেক কঠিন তো ছিলই, লিগ বিজয়ের পর আমরা সবাই আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম। প্রতিদিনই পার্টি থাকত। বেশির ভাগ দিনই ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যেত। এখন ওই ক্লান্তিটা কাটিয়ে ওঠাই আমার এ মুহূর্তের চ্যালেঞ্জ।’ রয়টার্স।