সাম্বার ক্ষণ গোনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র একটা দিন। তারপরই নিভে যাবে রোশনাই, থেমে যাবে উৎসব। নীরব, নিথর হয়ে মুখ ব্যাদান করে পড়ে থাকবে বিশালাকায় স্টেডিয়ামগুলো। স্মৃতি হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ।আফ্রিকার বিশ্বকাপ শেষ হবে। কিন্তু বিশ্বকাপের প্রদীপ যে নেভার নয়। আবার আলো জ্বলে উঠবে। একদিকে আফ্রিকা বিষণ্ন হয়ে পড়বে, অন্যদিকে চার বছর ধরে উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যাবে ব্রাজিলে।‘শুরু হয়ে যাবে’ বলাটা ঠিক হলো না। ব্রাজিলের উৎসব শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার জোহানেসবার্গে শুরু হয়ে গেল ব্রাজিল বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা। অনাড়ম্বর এক অনুষ্ঠানে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা উন্মোচন করলেন ২০১৪ বিশ্বকাপের লোগো।রোমারিও, কার্লোস আলবার্তো পাহেইরার মতো ব্রাজিলের খ্যাতনামা খেলোয়াড়-কোচরা রঙিন করে তুললেন অনুষ্ঠানকে। এই অনুষ্ঠান কেমন হলো, তা দিয়ে ব্রাজিল বিশ্বকাপকে অনুমান করতে যাবেন না। ‘ফুটবলের দেশ’ ব্রাজিল চার বছর ধরে যে মহাযজ্ঞ মাতানো প্রস্তুতি নেবে, সাম্বার তালে নাচিয়ে তুলবে বিশ্বকে; তাতে সন্দেহই নেই।ফুটবল যে দেশে ‘ধর্ম’ বলে বিবেচিত, সেই ব্রাজিলে ফুটবলের ফেরা নিয়ে মহা উচ্ছ্বসিত ফিফা সভাপতি ব্ল্যাটার। পাঁচবার বিশ্বকাপজয়ী দেশটাতে সেই ১৯৫০-এর পর এত দিন কেন বিশ্বকাপ হয়নি, সেটা নিয়েই বিস্ময় প্রকাশ করা যেতে পারে।কারণ যা-ই হোক, এত দিন পর ব্রাজিলে আবার বিশ্বকাপ আয়োজন করার সম্ভাবনায় আনন্দে ভাসছেন ব্ল্যাটার, ‘ব্রাজিল হলো ফুটবলের দেশ। আপনারা পাঁচবার বিশ্বকাপ জিতেছেন। কিন্তু সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছেন সেই ১৯৫০ সালে। ফুটবল ব্রাজিলে ধর্মের মতো। এখন সময় এসেছে কনমেবলে ফিরে যাওয়ার। এখন সময় এসেছে দক্ষিণ আমেরিকায় ফেরার।’ব্ল্যাটারের কথাবার্তা ইদানীং ভর্তি হয়ে যাচ্ছে আফ্রিকা বিশ্বকাপের বন্দনায়। সেই ব্ল্যাটারই বললেন, ২০১৪ বিশ্বকাপ আফ্রিকার উৎসবকেও ছাড়িয়ে যাবে, ‘আফ্রিকার মতো ব্রাজিলও ফুটবল বিশ্বকে একত্র করে ফেলবে। মিস্টার প্রেসিডেন্ট, আপনি যেমন বললেন, আসলেই ফুটবল খেলা স্রেফ বলে লাথি মারার ব্যাপার নয়। এটা একটা সংস্কৃতি, এটা জীবন। আমি নিশ্চিত যে ২০১৪ বিশ্বকাপ সফল হবে এবং দেশটিতে সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আসবে।’সাংস্কৃতিক-অর্থনৈতিক উন্নয়ন নিয়ে যাঁর মাথা ঘামানোর কথা, সেই ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডা সিলভা বললেন, ‘আমি মিস্টার রিকার্ডো টিসেরাকে (ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি) বলেছি, ২০১১ সালের ১ জানুয়ারিতে আমি যদি ব্রাজিলের প্রেসিডেন্ট নাও থাকি, সাধারণ একজন মানুষ হিসেবে আমি যা পারি, সমর্থন দিয়ে যাব।’ধন্যবাদ জ্ঞাপনের এই পর্যায়ে এসেই মজাটা করলেন লুলা ডা সিলভা, ‘মিস্টার প্লাতিনি, আপনি ব্রাজিলকে বিশ্বকাপ থেকে (১৯৮৬) বের করে দেওয়ার দুঃসাহস দেখিয়েছিলেন। তার পরও একজন অসাধারণ খেলোয়াড় হিসেবে আমি আপনাকে পছন্দ করি। মিস্টার বেকেনবাওয়ার, আপনাকেও আমি আপনার একাগ্রতা ও শৃঙ্খলার জন্য পছন্দ করি। মাঠে আমার এবং পেলের পর আপনিই আমার দেখা সেরা খেলোয়াড়!’ব্রাজিলের প্রেসিডেন্ট বললেন, আফ্রিকা তাদের আরও ভালো আয়োজনের চ্যালেঞ্জ করে রেখেছে, ‘আফ্রিকান ভাইদের সফল আয়োজন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আর ব্রাজিলিয়ানরা চ্যালেঞ্জ পছন্দ করে।’সবাই সেই অপেক্ষাতেই থাকবেন। ওয়েবসাইট।