সাম্বার জয়, না টিকি-টাকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যে ফাইনালের প্রত্যাশায় ছিল ফুটবল-বিশ্ব, শেষ পর্যন্ত সেই ব্রাজিল-স্পেনই আজ মুখোমুখি মারাকানায়। দুই দলের ফাইনাল-প্রস্তুতির দুটি টুকরো ছবি ষ এএফপি ও রয়টার্স
যে ফাইনালের প্রত্যাশায় ছিল ফুটবল-বিশ্ব, শেষ পর্যন্ত সেই ব্রাজিল-স্পেনই আজ মুখোমুখি মারাকানায়। দুই দলের ফাইনাল-প্রস্তুতির দুটি টুকরো ছবি ষ এএফপি ও রয়টার্স

জুন ২৭, ফোর্তালেজা। কনফেডারেশনস কাপের দ্বিতীয় সেমিফাইনাল।

কাসতেলাও স্টেডিয়ামের প্রায় ৬০ হাজার ব্রাজিলিয়ান দর্শক গলা ফাটাচ্ছে ইতালির হয়ে। পিরলো-জাকেরিনিদের পায়ে বল গেলে তালি, বুফন সেভ করলে উচ্ছ্বাস। স্পেন যেন তাদের শত্রু! শেষ দিকে জাভি-ইনিয়েস্তারা বল নিয়ে ইতালির অর্ধে ঢুকে দুয়োও শুনলেন!

জুন ৩০, মারাকানা স্টেডিয়াম। ফাইনাল।

সেই স্পেনই ব্রাজিলের প্রতিপক্ষ। কনফেডারেশনস কাপে চতুর্থ শিরোপা আর সেলেসাওদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে। সেদিন শুধু ফোর্তালেজা নয়, পুরো ব্রাজিল ইতালির সমর্থক হয়েও লা রোজাদের জয় আটকাতে পারেনি। ইতালির সমর্থক হয়ে যাওয়ার কারণ ছিল একটাই—ফাইনালে স্পেনকে মুখোমুখি হতে না চাওয়া! তার আগের দিন উরুগুয়ের বিপক্ষে প্রথম সেমিফাইনালে হয়তো ব্রাজিলের পরাজয় চেয়েছিলেন স্প্যানিশরাও।

এটা দুই দলের ফুটবলার কিংবা সমর্থকদের ভাবনা হতে পারে। কিন্তু গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীরা কল্পচোখে ব্রাজিল-স্পেন ফাইনালই দেখছিলেন। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ৪টায় মারাকানায় সেই স্বপ্নের ফাইনাল। সেলেসাওদের চোখে প্রথম দল হিসেবে টানা তৃতীয়বারের মতো কনফেডারেশনস কাপ জয়ের স্বপ্ন। আর লা রোজাদের স্বপ্ন ট্রফি কেবিনেটে একমাত্র শূন্যতাটা পূরণের।

এ ম্যাচের মহিমা আছে আরও। বিশ্ব ফুটবলের সবচেয়ে কুলীন দল ব্রাজিল, সফলতমও। দুই দলের ৮ বারের দেখায়ও তারা এগিয়ে (ব্রাজিলের ৪ জয়, স্পেনের ২)। তবে এসব তো অনেক পুরোনো হিসাব। বিস্ময়করই বলতে হবে, গত ২৩ বছরে মাত্র একবারই দেখা হয়েছে দুই দলের। ১৯৯৯ সালের সেই প্রীতি ম্যাচটা ছিল গোলশূন্য। স্পেন তখনো এই স্পেন হয়ে ওঠেনি। তা হতে শুরু করেছে আরও আট-নয় বছর পরে। স্প্যানিশ পরাক্রমের এই সময়টায় বিশ্ব ফুটবলের প্রায় সব বড় শক্তিই মাথা নুইয়েছে। বাকি আছে শুধু ব্রাজিলই। আজ তাই অধরা কনফেডারেশনস কাপ আর ব্রাজিলকে হারিয়ে বৃত্তপূরণ—এক ঢিলে দুই পাখি মারার সুযোগ স্পেনের সামনে।

ব্রাজিলের ফুটবলের সঙ্গে যেমন সমার্থক হয়ে আছে সাম্বা, স্পেনের এই দলের সঙ্গে তেমনি টিকি-টাকা। ফাইনালে জয় হবে কোনটির? স্পেনের প্রতিপক্ষ অবশ্য শুধু থিয়াগো সিলভার ব্রাজিল দল নয়, পুরো মারাকানা স্টেডিয়ামই। সঙ্গী ইতালির সঙ্গে স্নায়ুক্ষয়ী ও শরীর নিংড়ে নেওয়া সেমিফাইনালের পর এক দিন কম বিশ্রাম পাওয়ার প্রতিকূলতাও। সেই ম্যাচের পরই স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছিলেন, ‘আমি তো বলতে গেলে নড়াচড়াই করিনি, তবুও আমি বিপর্যস্ত। তা হলে ভেবে দেখুন ফুটবলারদের কী অবস্থা!’ ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি অবশ্য পাল্টা যুক্তি দিয়েছেন, ‘তাহিতির সঙ্গে যে দল খেলিয়েছে, তাতে ওরা (স্পেনের মূল খেলোয়াড়েরা) তো একটা ম্যাচ কম খেলেছে।’ টুর্নামেন্টের সেরা দুটি দলই খেলছে ফাইনাল, এটা নিয়ে কোনো সংশয় নেই। ব্রাজিলের খেলায় অনেক দিন পর চোখে পড়ছে সেই পরিচিত ঝলক। ইতালির বিপক্ষে সেমিফাইনালের প্রথমার্ধ বাদ দিলে স্পেনও যথারীতি স্পেনের মতোই। সেই স্পেন কেমন? যারা ২০০৬ সালের পর থেকে হেরেছে মাত্র দুটি প্রতিযোগিতামূলক ম্যাচে! প্রতিপক্ষের জন্য তাই শ্রদ্ধা ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারিরও, ‘গত পাঁচ-ছয় বছরে ওরা প্রায় সবকিছু জিতেছে। তবে আমাদের খেলাটাই খেলব।’

স্পেনের জন্য দর্শকে ভরা মারাকানা যদি চাপ হয়, ব্রাজিলের জন্যও কি তা নয়? পুরো দেশের প্রত্যাশার চাপ তো নেইমারদের নিত্যসঙ্গীই। সঙ্গে সরকারবিরোধী গণ-আন্দোলনে উত্তাল ব্রাজিলকে একটু স্বস্তি দেওয়ার দায়। মারাকানা বিস্মৃতপ্রায় একটা অতীতকেও তুলে আনছে সামনে। এর আগে এখানে একবারই মুখোমুখি হয়েছিল ফাইনালের দুই দল। ১৯৫০ বিশ্বকাপের সেই ম্যাচে ব্রাজিল জিতেছিল ৬-১ গোলের বিশাল ব্যবধানে। কিন্তু সেই স্পেন আর এই স্পেন যে এক নয়, এটা কে না জানে! তথ্যসূত্র: এএফপি।

মারাকানায় সর্বশেষ ফাইনাল হয়েছিল ১৯৮৯ সালে। উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল ব্রাজিল।

১৯৭৫ সালের পর নিজেদের দেশে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হারেনি ব্রাজিল।

২০১০ বিশ্বকাপে সুইজারল্যান্ডের কাছে

১-০ গোলে হারের পর টানা ২৯টি প্রতিযোগিতামূলক ম্যাচ অপরাজিত স্পেন।

প্রতিযোগিতামূলক ম্যাচে স্পেন সর্বশেষ ব্রাজিলকে হারিয়েছিল ১৯৩৪ বিশ্বকাপে, ৩-১ গোলে।

ইতালির বিপক্ষে সেমিফাইনালের আগে টানা ১৫ ম্যাচে গোল করেছিল স্পেন।

সর্বশেষ ৮ ম্যাচের প্রতিটিতে অন্তত দুটি করে গোল করেছে ব্রাজিল।