সাম্বার দিন শেষ!
ব্রাজিলের সেই ছন্দময় ফুটবল আর নেই। গ্যালারিতেও দেখা যায় না ঐতিহ্যবাহী ‘সাম্বা’ নাচ। তারপরও কিন্তু থেমে নেই ব্রাজিলের জয়রথ। কোচ কার্লোস দুঙ্গা ছন্দময় খেলায় বিশ্বাস করেন না। তাঁর কাছে জয়-ই সব। ছন্দময় ফুটবল নিয়ে ব্রাজিলের কোচের বক্তব্য নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু একসময় ব্রাজিলের ফুটবল বলতে যে সাম্বাকে বোঝাতো সেই সাম্বা নেই কেন? তাহলে কি শেষ হয়ে গেছে সাম্বার দিন? হ্যাঁ, হল্যান্ডের কোচ বার্ট ফন মারউইক অন্তত এমনটাই বিশ্বাস করেন। নিজেদের ঐহিত্যবাহী ‘টোটাল’ ফুটবলের দিনও শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।কোয়ার্টার ফাইনালের মহারণে আজ শুক্রবার রাতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে নামতে যাচ্ছে হল্যান্ড। কাগজে-কলমে দুঙ্গার দলকে ফেবারিট বলে ধরে নিতে পারেন। তবে কাকা-রবিনহোদের ফুটবলের ধরন নিয়ে বিতর্কের শেষ নেই। ব্রাজিলের ফুটবলের ধরনে ক্ষুব্ধ হয়ে তো আজকের ম্যাচে মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘টোটাল’ ফুটবলের জনক হল্যান্ডের জোহান ক্রুয়েফ! হল্যান্ডের কোচ মারউইক অবশ্য ব্রাজিলের ফুটবল নিয়ে আশাহতদের কাতারে নেই। তিনি গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘ব্রাজিলের খেলোয়াড়েরা সুন্দর ফুটবল খেলে। তবে ‘টোটাল’ বা ‘সাম্বার’ দিন শেষ হয়ে গেছে।’ দিন শেষ হওয়ার কারণটাও খেলাসা করেছেন মারউইক, ‘খেলাটাই এখন পরিবর্তিত হয়ে গেছে। সব কিছু খুব দ্রুতগতিতে চলছে। খেলোয়াড়েরাও সামর্থ্যবান। আপনি চাইলেই এখন আর মাঠে ‘দৃষ্টিনন্দন’ খেলা উপহার দিতে পারেন না।’