সাময়িক নিষিদ্ধ ক্যাম্পবেল-ব্রাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যামাইকার স্প্রিন্ট জাগরণের অগ্রদূত তিনি। জ্যামাইকার সীমানা ছাড়িয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই অনেকের আদর্শ। তবে ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন আপাতত এখন নিষিদ্ধ নায়িকা। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় পরশু দেশের ‘স্প্রিন্ট কুইন’কে সাময়িক নিষিদ্ধ করেছে জ্যামাইকা অ্যাথলেটিকস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনস (জেএএএ)। শৃঙ্খলা কমিটি শুনানির পর তাঁর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে। পারফরম্যান্স-বর্ধক কোনো ড্রাগ নেননি দাবি করে ক্যাম্পবেল-ব্রাউন যে নিজেকে নিষ্কলুষ প্রমাণে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এটাও জানিয়েছে জেএএএ। অলিম্পিক সোনাজয়ী প্রথম ক্যারিবিয়ান নারী ক্যাম্পবেল-ব্রাউন, ২০০৪ এথেন্স অলিম্পিকের ২০০ মিটার স্প্রিন্ট জিতে চমকে দিয়েছিলেন গোটা বিশ্বকে। আজ যে বিশ্ব স্প্রিন্টে জ্যামাইকান স্প্রিন্টারদের দাপট, সেটারও শুরু ক্যাম্পবেল-ব্রাউনের মাধ্যমেই। বিশ্বমঞ্চে ১০০ মিটার স্প্রিন্টজয়ী প্রথম জ্যামাইকান তিনিই, দ্রুততম মানবী হয়েছিলেন ২০০৭ ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক মিলিয়ে পেয়েছেন ১৬টি পদক। কিন্তু আলো ঝলমলে এই ক্যারিয়ার হঠাৎই ঢেকে গেছে কালো মেঘে। গত ৪ মে জ্যামাইকার একটি মিটের সময় নেওয়া তাঁর মূত্রনমুনায় নিষিদ্ধ ডাইউরেটিকস পাওয়া যায়। এই ডাইউরেটিকসের নিষিদ্ধ তালিকায় থাকার কারণ, অন্য কোনো নিষিদ্ধ ড্রাগ নিলে এটি তা আড়াল করে রাখে। এদিকে জ্যামাইকান অ্যাথলেটিকস-সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, পায়ের চোটের চিকিৎসায় ভেরোনিকা যে ক্রিম নিয়েছিলেন, সেটার সূত্রেই ওই ড্রাগের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। কদিন ধরে এ নিয়ে তোলপাড় হলেও ভেরোনিকার কোনো বক্তব্য জানা যায়নি। তবে তাঁর ম্যানেজার ক্লদ ব্রায়ান বলেছেন, ‘ভেরোনিকা প্রতারক নয়। কঠোর পরিশ্রম ও নিবেদন দিয়ে অবিস্মরণীয় এক ক্যারিয়ার গড়ে তুলেছে ও। এই দুঃসময় থেকেও ও বেরিয়ে আসবে।’ এএফপি, রয়টার্স।