সাময়িক সরে দাঁড়ালেন শ্রীনি
চলে যাওয়া মানেই প্রস্থান নয়। এন শ্রীনিবাসনও যাচ্ছেন, কিন্তু চিরতরে নয়। তাঁর পদত্যাগকে তাই ঠিক ‘প্রস্থান’ বলা যাচ্ছে না। পারিপার্শ্বিক চাপে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি। তাঁর জায়গায় সাবেক বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়া অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এএফপি, ওয়েবসাইট।আইপিএলে স্পট ফিক্সিং নিয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু হওয়ার পরেই শ্রীনিবাসনের পদত্যাগের দাবি উঠেছিল। গত দুই সপ্তাহে সেটা ক্রমেই জোরালো হয়েছে। কিন্তু নির্বাচিত সভাপতি বলে ওসব দাবি কানে তোলার দরকার মনে করেননি শ্রীনিবাসন। নিজের পদ ধরে রাখার সিদ্ধান্তে অটল ছিলেন। তবে তাঁর নিজের কমিটিরই দুই প্রভাবশালী সদস্য পদত্যাগ করায় অবস্থান কিছুটা দুর্বল হয়ে পড়ে শ্রীনিবাসনের। অবশেষে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের এক জরুরি সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, এক মাসের জন্য নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন বোর্ড সভাপতি এন শ্রীনিবাসন। এ সময় বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জগমোহন ডালমিয়া। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ডালমিয়া নিজেও বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মজার ব্যাপার হচ্ছে, প্রেস বিজ্ঞপ্তির পর টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীনিবাসন দাবি করেছেন জরুরি সভায় উপস্থিত ২৪ জন সদস্যের কেউই তাঁর পদত্যাগ দাবি করেননি। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আই এস বিন্দ্রা অবশ্য বলছেন, তিনি নিজেই ওই দাবিটা তুলেছেন সভায়।কোষাধ্যক্ষ অজয় শিরকে ও সচিব সঞ্জয় জাগদালেকে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তাঁদের সিদ্ধান্ত বদল করার অনুরোধ করা হয়েছে এ সভায়। যদিও টাইমস অব ইন্ডিয়ার কাছে ওই দুজন আবার বলেছেন, যা-ই ঘটুক তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করবেন না।