সারা জীবনের দুঃখ

মাঠে খেলা চলছে, টিভি ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছে তাঁকে। কিন্তু পেপ গার্দিওলা যেন হারিয়ে গেছেন অন্য জগতে। পিছিয়ে পড়ার পর দল যখন এগিয়ে গেল, তখনো বায়ার্ন মিউনিখ কোচ একেবারেই অভিব্যক্তিহীন। যেন এই ম্যাচে কিচ্ছু যায় আসে না তাঁর!
পরশু গার্দিওলা ডাগ-আউটে থেকেও মনে হচ্ছিল ছিলেন না। হয়তো বারবার মনে পড়ছিল দুজনে একসঙ্গে কাটানো সেই পাঁচ বছরের স্মৃতি। এই ডাগ-আউটে দুই বছর আগেও আনন্দে মেতে উঠেছিলেন টিটো ভিলানোভার সঙ্গে। অথচ সেই ভিলানোভা এখন শুধুই স্মৃতি। গার্দিওলার বিষাদমাখা মুখ জানিয়ে দিচ্ছিল, কতটা আঘাত পেয়েছেন বন্ধু ও সহকর্মীর মৃত্যুতে। পরে নিজেই জানিয়েছেন, ‘আজকের (পরশু বায়ার্ন-ব্রেমেন ম্যাচ) ম্যাচে থাকাটা আমার জন্য খুবই কঠিন ছিল। টিটো তো শুধু বন্ধু ছিল না, ছিল তার চেয়েও বেশি। ওকে হারানোর দুঃখ আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।’
২০০৭ সালে বার্সেলোনার ‘বি’ দলে শুরু দুজনের যুগলবন্দীর। ক্লাবের সাবেক খেলোয়াড় গার্দিওলা এসেছিলেন প্রধান কোচ হিসেবে। ভিলানোভা ছিলেন তাঁর সহকারী। এক মৌসুম পরেই বার্সার মূল দলে রাইকার্ডের উত্তরসূরি হলেন গার্দিওলা। ভিলানোভা সেখানেও এলেন সঙ্গী হয়ে। প্রথম মৌসুমেই দুজন মিলে বার্সাকে এনে দেন সম্ভাব্য সব শিরোপাই। গার্দিওলা সেসব মনে করে পরশু ভেসে গেলেন স্মৃতিকাতরতায়, ‘আমরা তরুণ ছিলাম। আমরা দুনিয়াকে নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসতে চেয়েছিলাম। সেটা আমরা করেও দেখিয়েছি।’
স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগ লিখেছেন, ‘ভিলানোভার মৃত্যু গার্দিওলাকে বিপর্যস্ত করে দেবে। সে ছিল তার সবচেয়ে কাছের মানুষদের একজন।’ বার্সেলোনার সাফল্যে এই দুজনের রসায়নটাও বালাগ তুলে এনেছেন নিজের কলমে, ‘গার্দিওলা নতুন অনেক কিছুই করে দেখতে চাইত। ভিলানোভা ওকে সামলে রাখত। খেলোয়াড়দের আরেকটু বেশি নিয়ন্ত্রণ করার জন্য গার্দিওলা যখন একটু দূরে সরে গেল, ভিলানোভাই খেলোয়াড়দের সঙ্গে সেতুবন্ধের কাজটা করেছে।’
গার্দিওলা ২০১২ সালে ছেড়ে যান বার্সেলোনা। এর আগেই ভিলানোভার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার জন্য ভিলানোভা নিউইয়র্কে গিয়েছিলেন। কাকতালীয়ভাবে, গার্দিওলা সে সময় সেখানেই ছিলেন। এর মধ্যেই বার্সেলোনা দাবি করল, পুরোনো বন্ধুকে দেখতে হাসপাতালে যাননি গার্দিওলা। সেটি নিয়ে বায়ার্ন কোচ বার্সাকে একহাতও নিয়েছিলেন। কিন্তু গত জুলাইয়ে ভিলানোভার একটা কথায় বোঝা গিয়েছিল কোথাও যেন সুর কেটে গেছে, ‘নিউইয়র্কে আসার পরেই সে আমাকে দেখতে একবার এসেছিল। কিন্তু অস্ত্রোপচারের পর দুই মাসে একবারও দেখতে আসেনি। সে আমার বন্ধু, আমার ওকে দরকার ছিল। কিন্তু ওকে পাইনি আমি।’
মৃত্যুর অমোঘ শোক নিশ্চিতভাবেই ঘুচিয়ে দিয়েছে সব পার্থিব দূরত্ব! ওয়েবসাইট।