সারা দিনে ৯৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান। ভারতীয় স্পিনের বিপক্ষে নাগপুরের খটখটে পিচে শ্লথ ব্যাটিং না করে আর কি উপায় ছিল ইংল্যান্ডের? তবে টেস্ট ক্রিকেটে এক দিনের সর্বনিম্ন রানের রেকর্ড থেকে অনেক পিছিয়ে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দিনটা। ১৯৫৬-৫৭ মৌসুমে করাচি টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া (৮০) ও পাকিস্তান (১৫/২) মিলে তুলেছিল মাত্র ৯৫ রান। এক দিনে ওঠা সবচেয়ে কম রানের তালিকার দুইয়েও করাচি। ১৯৫৯-৬০ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের পুরোটাই ব্যাট করে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানিরা করেছিল ৫ উইকেটে ১০৪ রান। এক দিনে ইংল্যান্ডের সর্বনিম্ন রান ১০৬। ১৯৫৮-৫৯ মৌসুমে ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে ৯২ রান নিয়ে দিন শুরু করা সফরকারীরা দিন শেষ করেছিল ১৯৮ রানে। এক দিনে সর্বনিম্ন রানের তালিকায় এটি আছে তিনে।