সারা দিনে সিলেটের ১৮৮
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গতকাল। ফতুল্লায় রাজশাহী ও বরিশাল এবং চট্টগ্রামে ঢাকা ও সিলেট খেলছে। চট্টগ্রামে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের বাইরে থাকা রাজিন সালেহ। প্রথম দিন শেষে ১০১ রানে অপরাজিত আছেন এই মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরি করা সিলেটের ব্যাটসম্যান। লিগে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ৩৩৩ রান করেছেন রাজিন। তবে তাঁর দল কাল সারা দিনে তুলেছে মাত্র ১৮৮ রান।টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠান ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরীফ। তালহা জুবায়েরের বোলিংয়ে মাত্র ২ রানেই প্রথম ২ উইকেট খোয়ানো সিলেট ১২ রানে হারায় তৃতীয় উইকেট। এর পরই খোলসে ঢুকে যায় সিলেট। শম্বুকগতির ব্যাটিংয়ে রাজিন গোলাম মাবুদের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন ২৮.১ ওভারে। ১৯ রান করে মাবুদ আউট হওয়ার পর তাসামুল হককে (৫৩*) সঙ্গী করে আর কোনো উইকেট পড়তে দেননি রাজিন। রাজিন ২৩৬ বলে ১৪টি চারের সাহায্যে করেছেন ১০১ রান। ঢাকার তালহা জুবায়ের ১১ রানে ২ উইকেট নিয়েছেন।ফতুল্লায় টস জিতে ব্যাটিং নেওয়া রাজশাহী করেছে ৭ উইকেটে ২৫৩ রান। লিগে তৃতীয় ফিফটি করা ধীমান ঘোষ অপরাজিত আছেন ৮০ রানে। ধীমানের ১২৩ বলের ইনিংসে রয়েছে ১০টি চার। এ ছাড়া বলার মতো রান করেছেন জহুরুল ইসলাম (৪৬) ও মিজানুর রহমান (৩৫)। বরিশালের অফ স্পিনার সোহাগ গাজী ৬২ রানে নিয়েছেন ৪ উইকেট। লিগে এখন পর্যন্ত ২৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সোহাগ গাজী।