সারা বিশ্বের এক ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল, ভোয়েটবল, ফুটেবল, ফটবোল, ক্যালসিও, সকার!যে নামেই ডাকা হোক, দুনিয়া-মাতানো এ খেলার আকর্ষণটা একই। ওয়াকিবহাল ভক্তরা জানেন, কোনো কোনো দেশে ফুটবলকে ধর্মের মর্যাদাই দেওয়া হয়। আর বিশ্বকাপের সময় একটি মাত্র চর্মগোলক নিয়ে ‘২২ জনের কাড়াকাড়ি’ ঘিরে ভূগোলকের সর্বত্র যে উন্মাদনা চলে অন্য কোনো ক্রীড়া অনুষ্ঠানই তার কাছাকাছি আসে না। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। সত্যিকার অর্থেই এ এক বৈশ্বিক খেলা। তবে দুনিয়ার হাতেগোনা যে কয়েকটি দেশে এ খেলা জনপ্রিয় নয় বা যাদের পক্ষপাত ক্রিকেট বা অন্য কোনো ক্রীড়ায়, তারা একটা প্রশ্ন করতেই পারে: কেন? কী আছে ফুটবলে? কী কারণে সময়-অসময় ভুলে, ঘুম বা কাজকর্ম মাথায় তুলে কোটি কোটি মানুষ এক মাস বসে থাকবে টিভির সামনে? আন্তমহাদেশীয় বিমানভ্রমণ করে মাঠে যাওয়াদের কথা না হয় বাদই থাকল।এই প্রশ্নের উত্তর দেওয়ার লোকের অভাব নেই। তাঁরা সমস্বরে বলবেন, ফুটবল শুধু একটা খেলাই নয় কেবল, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কাছে এটি এক চূড়ান্ত সাংস্কৃতিক প্রকাশ। কথাটা একটু খটমটে আর গৎবাঁধা শোনালেও শতভাগ সত্যি।তবে খুব সহজে আর সুন্দর করে এ কথাটাই অন্যভাবে বলেছেন ব্রাজিলের ক্রীড়াসাংবাদিক টিম ভিকারি। রিও-র বাসিন্দা ভিকারির ভাষায়, ‘ফুটবল হচ্ছে বিশ্বজুড়ে প্রচলিত একই ভাষা। আমরা শুধু নানা দেশে তা একটু ভিন্ন উচ্চারণে বলে থাকি।’ব্রাজিলের এই সাংবাদিকের কথা হচ্ছে, বেশির ভাগ লোকের জন্য দেশপ্রেম প্রকাশে এর চেয়ে ভালো আর কোনো উপায় থাকতে পারে না। তাঁর মতে, মাঠে স্বদেশের পক্ষে চেঁচিয়ে গলা ফাটানোর চেয়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশের ভালো উপায় আর নেই। ভিকারির যুক্তি, এমনিতে ফুটবলে আগ্রহ নেই তারাও জাতীয় দলের মান রাখতে কয়েক দিনের জন্য হলেও ফুটবলপ্রেমী হয়ে যায়। ফুটবলকে উপলক্ষ করেই না তাদের দেশ আর জনগণ সারা দুনিয়ার চোখের সামনে নিজেদের তুলে ধরছে।ফুটবল জনপ্রিয়, ফুটবল এক সব ভুলিয়ে দিতে পারা নেশার নাম, সে কথা বুঝতে বিশেষজ্ঞের মত নিতে হয় না। কিন্তু দেশে দেশে, বিশেষ করে ফুটবলপাগল দেশে এ খেলাটি নিয়েই লেখেন এমন সব সাংবাদিকই একমত ভিকারির সঙ্গে। দেশ বা জাতিকে প্রতিনিধিত্ব করার মতো ক্রীড়া অনুষ্ঠান আরও আছে। কিন্তু সংখ্যাসহ অনেক বিচারেই ফুটবলের বিশ্বকাপ যে পরিমাণ আবেগ আর উন্মাদনা জাগিয়ে তোলে তার সঙ্গে অলিম্পিক বা আর কোনো ক্রীড়া আয়োজনের তুলনা চলে না। সিবিসি স্পোর্টসের ফুটবল ভাষ্যকার নাইজেল রিড এ কারণেই বললেন, ‘ফুটবল বিশ্বকাপই হচ্ছে সত্যিকার এক খেলার বৈশ্বিক প্রতিযোগিতা, অলিম্পিক যা নয়।’ফুটবলের সহজ-সাধারণ ভাবটিও এর দুনিয়া জয়ের অন্যতম কারণ। আর সত্যি বলতে এটাই তার সবচেয়ে বড় গুণ। আমজনতার জন্য অন্য যেকোনো খেলার চেয়ে ফুটবলকে আপন করে নেওয়া বেশি সহজ। আইরিশ টাইমস-এর রোমভিত্তিক সাংবাদিক প্যাডি অ্যাগ্নিউ তুলে ধরলেন এ দিকটাই। তাঁর মতে, বেসবল, আমেরিকান ফুটবল, রাগবি, ক্রিকেট বা আইস হকি—সব খেলার নিয়মকানুনই ফুটবলের চেয়ে কঠিন। আর এ কারণেই অন্য সব খেলার চেয়ে বিশ্বের বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে ফুটবল।ফুটবলের মাহাত্ম্য বলে শেষ করা সত্যিই মুশকিল। ফুটবল খেলা যায় যেকোনো স্থানে, যেকোনো সময়। ফুটবল-অন্তঃপ্রাণ ইংল্যান্ডের ডেইলি টেলিগ্রাফ-এর প্রধান ফুটবল প্রতিবেদক হেনরি উইন্টারের কথায়, ‘ফুটবলের মতো সাধারণ খেলা আর নেই। দুনিয়ার যেখানেই যান, দেখবেন কোথাও না কোথাও খেলা চলছে। ছুটির দিন সকালে লন্ডনের হাইড পার্কে যেমন জ্যাকেট দিয়ে গোলপোস্ট বানিয়ে ম্যাচ জমে ওঠে তেমনই আফ্রিকার কোনো হূতদরিদ্র শহরেও দেখা যাবে বাচ্চারা ন্যাকড়া দিয়ে বল বানিয়ে খেলায় মেতে উঠেছে।আমেরিকায় তুমুল জনপ্রিয় ফুটবলের (এটি আমেরিকান ফুটবল, প্রচলিত ফুটবলকে মার্কিনরা বলে সকার) মতো ‘গা-জোয়ারি’ খেলার কথা মাথায় রেখেই কি না, যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার কার্লোস বোকানেগ্র তুললেন শারীরিক ব্যাপারটা। ‘ফুটবল খেলতে পারে যে কেউই। এর জন্য সবচেয়ে বিশালদেহী, শক্তিশালী, লম্বা বা দ্রুতগতি হতে হয় না। এটা সবারই খেলা।’অনেকে মনে করেন, ফুটবল এক ধরনের সাম্যও আনতে পারে অবিচারে ভরা এই বিশ্বে। দারিদ্র্যের অতল থেকে পেলে বা ম্যারাডোনার মতো জিনিয়াসদের কে তুলে আনত, বলুন তো? তথ্যসূত্র: ইন্টারনেট।