সার্ক ক্যারমে নেই বাংলাদেশ
ফেডারেশনে ভালো পরিবেশ নেই বলে বাড়িতেই অনুশীলন করেন জাতীয় দলের ক্যারম খেলোয়াড় ফারজানা আক্তার। উদ্দেশ্য—সার্ক ক্যারমে অংশ নেওয়া। কিন্তু কলকাতায় আজ থেকে শুরু ১৭তম সার্ক ক্যারমে দল পাঠাচ্ছে না বাংলাদেশ ক্যারম ফেডারেশন! দল না পাঠানোর কারণ হিসেবে আর্থিক সংকটকেই সামনে আনলেন ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ (পলক), ‘এনএসসি থেকে আমরা যে পরিমাণ টাকা পাই তাতে অফিস সহকারীর বেতনই দিতে পারি না। এর পরও আমরা বিভিন্ন সময়ে বিদেশে দল পাঠাই। এবার কোনো স্পনসর পাইনি, তহবিলেও টাকা নেই। এ জন্যই খেলোয়াড়দের পাঠাতে পারছি না।’ ফারজানা আক্তার মনে করেন, টাকা একটা কারণ, কিন্তু আসল কারণ নয়, ‘কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক নেই। কে ম্যানেজার হবেন সেটা নিয়েই দ্বন্দ্ব। কলকাতায় চাইলে হেঁটেও যাওয়া যায়। অথচ এত কাছের টুর্নামেন্টে খেলতে যেতে পারছি না।’ আয়োজকদেরই আবাসন ও খাবারের খরচ দেওয়ার কথা। অন্তত ৫০ হাজার টাকা হলেই আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নিবন্ধন করা যেত। কিন্তু ফেডারেশন সামান্য এই টাকাও নাকি জোগাড় করতে পারেনি! ফারজানার অভিযোগ, মহিলা দলকে বেশি বঞ্চিত করা হয় সব সময়, ‘মেয়েরাই এখানে বেশি উপেক্ষিত। শ্রীলঙ্কায় গত বছর বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে আমাদের খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে শুধু ছেলেদেরই নিয়ে যান কর্মকর্তারা।’ সার্ক ক্যারমে বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হতে না পারলেও মিশ্র দ্বৈতে রানার্সআপ ও পুরুষ দ্বৈতে তৃতীয় হয়েছে এর আগে।