সার্বিয়াকে হারালো স্পেন
ইউরো কাপ শুরুর আর মাত্র ১১ দিন বাকি। এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি পর্ব। আর এই পর্বে নিজেদের শ্রেষ্ঠত্ব ভালোভাবেই প্রমাণ করেছে স্পেন। গতকাল সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে গতবারের শিরোপাজয়ীরা। স্পেনের পক্ষে অভিষেক ম্যাচেই গোল করে ইউরো মিশনের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার ভালো সুযোগ তৈরি করেছেন তরুণ স্ট্রাইকার আদ্রিয়ান লোপেজ। পেনাল্টি থেকে অপর গোলটি করেছেন সান্টি কাজোরলা।গতকাল স্পেন দলে ছিল না বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। প্রায় নতুন একটা দল নিয়েই সার্বিয়ার মুখোমুখি হয়েছিলেন স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক। কিন্তু তাতেও জয় পেতে কোন সমস্যা হয়নি বিশ্বকাপজয়ীদের। খেলার প্রথমার্ধে কোন গোল পায়নি স্পেন। দ্বিতীয়ার্ধে স্পেনের জার্সি গায়ে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ পান আদ্রিয়ান লোপেজ। আর এই সুযোগের সদ্বব্যহারটা বেশ ভালোমতোই করেছেন তিনি। মাঠে নামার মাত্র ১৮ মিনিটের মাথায়, ৬৪ মিনিটে জেসাস নাভাসের ক্রস থেকে চমত্কারভাবে হেড করে সার্বিয়ার জালে বল জড়িয়ে দেন এই তরুন স্ট্রাইকার। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে স্পেনের জয় নিশ্চিত করেন সান্টি কারজোলা।আজ রোববারই স্পেনের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ ভিসেন্তে দেল বস্ক। অভিষেক ম্যাচেই গোল করে স্পেনের ইউরো মিশনে অন্তর্ভূক্তির সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন আদ্রিয়ান। ম্যাচ শেষে তথার প্রশংসাও করেছেন দেল বস্ক। তিনি বলেছেন, ‘নতুন খেলোয়াড়দের নিয়ে খেলতে পারাটা সবসময়ই ভালো ব্যাপার। এটা আমাদের গোটা দলকেই অনেক শক্তিশালী করে তোলে। আদ্রিয়ান আজ খুবই ভালো খেলেছে। অন্যরাও ভালো খেলেছে। ২৩ সদস্যের দলটায় কারা থাকবে তা আমরা কমবেশি ঠিকই করে ফেলেছি। তবে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা খুবই পরিস্কার থাকার চেষ্টা করব।’