সার্বিয়ার কাছে হেরে গেল জার্মানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আজ আরো একটি বড় অঘটন দেখল পোর্ট এলিজাবেথে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে চার গোলের বড় ব্যবধানে হারান জার্মানি আজ সার্বিয়ার কাছে হেরে গেছে ১-০ গোলে। খেলার ৩৮ মিনিটের সময় মিলান জোভানোভিচ সার্বিয়ার পক্ষে জয় সূচক গোলটি করেন।পোর্ট এলিজাবেথের আজকের সকালটা একদমই জার্মানির ছিলনা। প্রথম থেকেই খেলার প্রতিটি ব্যাপারই জার্মানির বিপক্ষে যেতে থাকে। খেলার ৩৭ মিনিটের সময় লালকার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। পরের মিনিটেই মিলান জোভানোভিচ চমত্কার এক ভলি শটে গোল করে সার্বিয়াকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষের দিকে ওজেলের ক্রস থেকে সামি খেদিরার শট ক্রসবারে লেগে ফিরে আসে।দ্বিতীয়ার্ধের শুরুতে দশজনী দল নিয়েও জার্মানি সার্বিয়ার ওপর চাপ প্রয়োগ করে খেলা শুরু করে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি। ৬১ মিনিটের সময় সার্বিয়ার নেমানিয়া ভিদিচ বক্সের মধ্যে উড়ে আসা একটি বল ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে ঠেকালে স্প্যানিশ রেফারি আলবার্তো উনদিয়ানো জার্মানির পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। তবে দিনটা যে জার্মানির নয় তা আবার প্রমাণিত হয়, লুকাস পোডলস্কির শট সার্বিয়ার গোলরক্ষক ভ্লাদিমির স্টকভিচের ঠেকিয়ে দেওয়ার মাধ্যমে। সার্বিয়ার বিপক্ষে এই পরাজয়ও জার্মানিকে গ্রুপের শীর্ষ থেকে সরাতে পারেনি। এই মুহূর্তে ডি গ্রুপে জার্মানি, ঘানা ও সার্বিয়া প্রত্যেকেই একটি করে ম্যাচ জিতে সমানসংখ্যক তিন পয়েন্ট করে পেয়েছে। তবে গোলগড়ে এগিয়ে আছে জার্মান দল। জার্মানির পরবর্তী খেলা ঘানার বিপক্ষে। সার্বিয়া খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে।