সার্বিয়ার বিপক্ষে সহজ জয় ফ্রান্সের
ইউরো চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিপর্বটা বেশ ভালোমতোই শেষ করেছে ফ্রান্স। গতকাল ফ্রাঙ্ক রিবেরি ও ফ্লোরেন্ত মালুদার গোলে ২-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে তারা। এখন পর্যন্ত শেষ ২০টি ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব অর্জন করেছে ফ্রান্স। তবে মিডফিল্ডার ইন মাভিলা ইনজুরির কবলে পড়ায় কিছুটা উদ্বিগ্ন থাকতে হচ্ছে ফরাসি শিবিরকে।সার্বিয়ার প্রথমার্ধেই দুটি গোলের দেখা পায় ফ্রান্স। ১১ মিনিটে প্রথম গোলটি এনে দেন ফ্রাঙ্ক রিবেরি। চার মিনিট পরে দ্বিতীয় গোলটি করেন ফ্লোরেন্ত মালুদা। এর পরেও আরও কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও সেগুলো থেকে গোল পায়নি তারা। তবে গতকাল তাঁদের চমৎকার ফুটবল নৈপুণ্য মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে। আর এই জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফরাসি কোচ লরেন্ত ব্লা। ফরাসি এক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা খুবই চমত্কারভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছি। এটা খুবই ইতিবাচক ব্যাপার। আইসল্যান্ডের বিপক্ষে গত ম্যাচটার চেয়ে আজকের ম্যাচে খেলোয়াড়রা অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু শেষ ১৫ মিনিটে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এগুলো জায়গায় আরও ভালো করতে হবে।’ আইসল্যান্ডের বিপক্ষে গত রোববার ৩-২ গোলের জয় পেয়েছিল ফ্রান্স।তবে গতকালের এই জয়ের আনন্দের মধ্যেও ইনজুরির আশঙ্কা ভর করেছে ফরাসি শিবিরে। গোড়ালিতে চোট পেয়ে মাত্র পাঁচ মিনিট পরেই মাঠ ছেড়েছেন মিডফিল্ডার ইন মাভিলা। তবে শেষ পর্যন্ত ইউরোর চূড়ান্ত আসরে তিনি খেলতে পারবেন বলে আশাবাদী কোচ লরেন্ত ব্লা। তিনি বলেছেন, ‘আমরা আশা করতে পারি, প্রথম ম্যাচের আগেই সে সুস্থ হয়ে উঠবে। তার গোড়ালিটা ভাঙেনি। তার পরও আমরা নিশ্চিত হওয়ার জন্য আরও ৪৮ ঘণ্টা সময় নিচ্ছি।’—রয়টার্স