সালভাদরে সবুজের অভিযান
বিশ্বকাপ শেষে সালভাদরে গেলে যে কেউ চমকে যাবেন। চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখবেন! কিন্তু সবুজের সঙ্গে ব্রাজিল বিশ্বকাপের এই ভেন্যুর সম্পর্ক কী? সালভাদর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, বিশ্বকাপে এই শহরের স্টেডিয়াম ফন্তে নোভায় যত গোল হবে, প্রতি গোলের জন্য ১১১১টি গাছ লাগানো হবে। সব ম্যাচ মিলিয়ে আসলে প্রায় ৩১ হাজার গাছ লাগানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। মজার ব্যাপার, সালভাদরে যে হারে গোল হচ্ছে তাতে সম্ভবত পরিকল্পনা বদলে আরও বেশি গাছ লাগাতে হবে! এ পর্যন্ত এখানে হওয়া তিনটি ম্যাচে গোল হয়েছে ১৭টি! স্পেন-হল্যান্ড ম্যাচে গোল হয়েছে ছয়টি, জার্মানি-পর্তুগাল ম্যাচে চারটি। আর পরশু ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচ তো দেখল সাতটি গোল। সামনে ‘এ’ গ্রুপের বসনিয়া-ইরান ম্যাচসহ দ্বিতীয় রাউন্ডের একটি ও কোয়ার্টার ফাইনালেরও একটি ম্যাচের ভেন্যু ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের এ শহরটি। এএফপি।