সালমা-ঝড়ে টি-টোয়েন্টি জয়
ব্যাটসম্যানের নাম সালমা খাতুনই তো! সঙ্গে আয়েশা রহমান নাকি অন্য কেউ? সালমা-আয়েশারা কখনোই অমন ব্যাটিং করেন না, তা নয়, তবে দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ মহিলা দলের যে ব্যাটিং দেখা গেছে, সেটার সঙ্গে কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম টি-টোয়েন্টির সালমা-আয়েশাদের মেলানো কঠিনই ছিল।এ কারণেই ৬ উইকেটে ১০৫ রান করেও দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এটিকে ম্যাচ জেতার জন্য যথেষ্ট ভেবেছিলেন। সেই ভাবনা ভাবনাই থেকে গেল। মিগনন ডু প্রিজকে হতাশায় ডুবিয়ে ৭ উইকেটের জয় ছিনিয়ে আনল বাংলাদেশ মহিলা দল। আরও নির্দিষ্ট করে বললে জয়টা এল সালমার হাত ধরেই।১০৫ রানের জবাব দিতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারানো, বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়া, বাংলাদেশের মেয়েদের সাম্প্রতিক ব্যাটিং-ব্যর্থতা—সবকিছু মিলিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সম্ভাবনাটা কমেই যাচ্ছিল একটা পর্যায়ে। কিন্তু সালমা এসে দৃশ্যপট বদলে দিলেন। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতেই জয়ের উল্লাসে মাতল লাল-সবুজ মেয়েরা।বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোর ৪.৪ ওভারে ১ উইকেটে ১২। প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর যখন আবার শুরু হলো, ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৩ ওভারে ৭৩। উইকেটে থাকা সালমার কাছে শুরুতে রানটা অনতিক্রম্য মনে হচ্ছিল। কিন্তু একেকটা বল হচ্ছিল আর সালমাই সাধন করছিলেন অসাধ্য। পেসার শাবনিম ইসমাইলকে লং অনের ওপর দিয়ে দুর্দান্ত এক ছক্কায় খুললেন রানের খাতা, যেটা বাংলাদেশ ইনিংসেরই একমাত্র ছক্কা। তার পরও ১০ ওভার শেষে স্কোরবোর্ডে ৩ উইকেটে ৪৮, শেষ ৩ ওভারে প্রয়োজন ২৫ রান। ১১তম ওভারে সালমার তিন বাউন্ডারিই ম্যাচ ঘুরিয়ে দিল বাংলাদেশের দিকে। অফ স্পিনার সানিটি লবসারের ওই ওভারে এল ১৪ রান, যার ১৩-ই সালমার ব্যাট থেকে। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২ রানের। প্রথম বলেই আয়েশার বাউন্ডারি। বোলিংয়ে ২ উইকেটের পর এক ছক্কা আর চার বাউন্ডারিতে ১৪ বলে অপরাজিত ২৭ রানে ম্যাচ-সেরা সালমা। ১২ বলে আয়েশার অপরাজিত ১৫ রানেও আছে দুই বাউন্ডারি।খেলা শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্রিজ স্বীকার করেছেন, সালমা-আয়েশার এমন রূপ তাঁদের অচেনা, ‘১০৫ রান করার পরও মনে হচ্ছিল ব্যাটসম্যানেরা সফল। কিন্তু সালমা আর আয়েশার ওই রূপ আমরা কখনো দেখিনি। আমরা আসলেই বিস্মিত। ওরা যখন ব্যাট করছিল, বুঝতেই পারিনি আমাদের কী করা উচিত।’দক্ষিণ আফ্রিকার ইনিংসটা যে বেশি বড় হতে পারেনি, সেই কৃতিত্বও সালমার। অফ স্পিনে ২১ রানে নিয়েছেন ২ উইকেট। উইকেট না পেলেও বলে নিয়ন্ত্রণ ছিল পেসার জাহানারার। ৪ ওভারে নিয়েছেন একটি মেডেন ওভার, রান দিয়েছেন ১৬।ওয়াল্টন মোবাইল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ। বাংলাদেশের জন্য এটি সিরিজ জয়ের উপলক্ষ, দক্ষিণ আফ্রিকার জন্য সিরিজে ফেরার।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা মহিলা দল: ২০ ওভারে ১০৫/৬ (বেনাডে ৩৭, ডু প্রিজ ১৮; জাহানারা ৪-১-১৬-০, সালমা ৪-১-২১-২, আয়েশা ৩-০-১৯-০, তিথি ২-০-১৩-০, কুবরা ৪-০-২৪-১, রুমানা ৩-০-১০-১)। বাংলাদেশ মহিলা দল: ১২.১ ওভারে ৭৫/৩ (লতা ০, রুমানা ১৪, ফারজানা ১৫, সালমা ২৭*, আয়েশা ১৫*; বেনাডে ১/৫)। ফল: ডি/এল পদ্ধতিতে বাংলাদেশ মহিলা দল ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সালমা খাতুন।