সালমাদের কাছে উড়ে গেল জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে অনেক সাংবাদিক বিকেএসপিতে পৌঁছানোর আগেই ম্যাচ শেষ। অনেকে মাঝপথে শুনেছেন জাপান ৩৮ রানে অলআউট! বাকিটা শেষ হতে বেশি সময় লাগেনি। বাংলাদেশ দল মাত্র ৪.৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে নিয়েছে বিশাল জয়।আগের দিন পাকিস্তানের কাছে ৭৩ রানে হারের পর বাংলাদেশ দল ছিল হতাশ। সংবাদ সম্মেলনে কোচ মমতা মাবেন বলেছিলেন, মহিলা বিশ্বকাপ ক্রিকেটের এই বাছাইপর্বে সেরা ছয়ে থাকাই তাঁর মূল লক্ষ্য। সে ক্ষেত্রে জাপান ও আয়ারল্যান্ড ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। জাপানের বিপক্ষে কালকের ম্যাচটি তাই তাঁর ভাষায় ছিল, ‘ডু অর ডাই’ ম্যাচ।সেই ম্যাচেই কিনা বাংলাদেশ এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে জাপানকে। পাকিস্তান ম্যাচের ভুল শুধরে ব্যাট-বলে বাড়তি কিছু করার তাগিদ ছিল। সেই তাগিদ থেকেই এই বড় জয়। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে গ্রুপের পাঁচ দলে তৃতীয় হওয়া নিশ্চিত। তাতে সেরা ছয়ে থাকবে বাংলাদেশ এবং মিলবে কাঙ্ক্ষিত ওয়ানডে স্ট্যাটাস।ম্যাচের পর কোচ মমতা বললেন, ‘জাপানকে সহজে হারিয়ে আমরা স্বস্তি পাচ্ছি। এক ধাপ এগোলাম। তবে কাজ শেষ হয়নি। আয়ারল্যান্ডের বিপক্ষেও ভালো খেলে জিততে চাই।’ অধিনায়ক সালমা খাতুনের কথা, ‘আমাদের মূল লক্ষ্য প্রথম ছয়। আশা করি, সেটা অর্জন করতে পারব। এই জয়ে মানসিকভাবে শক্তি পাচ্ছি অনেক।’জাপানের একমাত্র উদ্বোধনী ব্যাটার ইয়ামোতো দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন (১২)। গোটা ইনিংসে একটা মাত্র চার, সেটি তাঁরই। দ্বিতীয় সর্বোচ্চ ৯ এসেছে অতিরিক্ত থেকে। বাকিদের রান তো টেলিফোন নম্বর—৪, ৩, ৫, ১, ২, ১, ০, ০, ০। ২৮.৩ ওভারে অলআউট জাপান। ২১ রানে প্রথম উইকেট পড়েছে, ৪ রানে শেষ পাঁচটি। এসসিসি ট্রফিতে এই জাপানকে বাংলাদেশ গুঁড়িয়ে দিয়েছিল ৬১ রানে। তবে কালকের ৩৮-ই এখন পর্যন্ত বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষকে সবচেয়ে কম রানে অলআউট করে দেওয়ার রেকর্ড।দুই পেসার পান্না ঘোষ ও জাহানারা ১০ ওভার করার পর স্পিন আক্রমণের শুরু। দুই প্রান্তে অধিনায়ক সালমা এবং শুকতারার অফ স্পিনে বেসামাল হয়ে যান জাপানের ‘শিক্ষানবিশ’ ব্যাটাররা। সমান পাঁচটি করে দুজনই ভাগাভাগি করেছেন ১০ উইকেট। শুকতারা দিয়েছেন ৯ রান, সালমা আরও কৃপণ—৫। ম্যাচ-সেরা সালমা ম্যাচের পর বলেছেন, ‘আমরা জানতাম, ওরা স্পিনে দুর্বল। তাই স্পিনেই ঘায়েল করেছি।’৬ নম্বরে ব্যাট করা শুকতারাকে ওপেনিংয়ে আনা, পাঁচ নম্বরে নামা সালমাকে আরও ওপরে আনাসহ ব্যাটিং অর্ডারটা এদিন পুনর্বিন্যস্ত করার পরিকল্পনা নিয়েছিল ম্যানেজমেন্ট। আয়েশাকে (১৩*) সঙ্গে নিয়ে বল হাতে জ্বলে ওঠা শুকতারাই (১৬*) খেলা শেষ করে এসেছেন। তাই আর ওলট-পালটের দরকার হয়নি।বিশাল পরাজয়। তবে হতাশ নন জাপানের অধিনায়ক ইমা কুরিবায়াশি, ‘আমরা ক্রিকেট খেলাটা সবে শুরু করেছি। দিনটা আমাদের জন্য খারাপ গেছে। তবে এতে আমরা মোটেও হতাশ নই। সামনের দিকে তাকাতে চাই।’