সালমাদের জয়ে অভিষেক কক্সবাজারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছেলেদের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি অর্ধেকও না পেরোতেই সুখবর এল কক্সবাজার থেকে। নবনির্মিত কক্সবাজার স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের মেয়েরা কাল ৪৩ রানে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে।
কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচটা দেখতে যাওয়া দর্শকেরা ফিরলেন ইতিহাসের সাক্ষী হয়ে। টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের মেয়েরা ১৫২ রান করে ৪৯.৩ ওভারে। জবাবে ৪৪.১ ওভারে ১০৯ রানে অলআউট পাকিস্তান।
৬৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৫২ রানের সম্মানজনক জায়গায় পৌঁছেছে ষষ্ঠ উইকেটে রুমানা আহমেদ (৪৪) ও শায়লা শারমিনের (২২) ৩৬ রানের জুটির কল্যাণে। সপ্তম উইকেট জুটিতে শায়লা-নুজহাত তাসনিয়া (২৬) যোগ করেন আরও ৩৩। বাংলাদেশ শেষ চার উইকেট হারিয়েছে ১৯ রানে।
৬৩ রানে ৮ উইকেট হারানো সানা মীরের পাকিস্তান আরও লজ্জাজনকভাবেই হারত, যদি না নবম উইকেটে সুমাইয়া সিদ্দিকি (৫) ও আসমাভিয়া ইকবাল (৪০) ৩৮ রানের জুটি গড়তেন। দুই পেসার লতা মণ্ডল আর জাহানারা আলমের বলেই লন্ডভন্ড পাকিস্তানের ব্যাটিং। লতা ৩৫ রানে ৪ উইকেট, ২২ রানে জাহানারার উইকেট ৩টি। সানা মীর আর কানিতা জলিলকে পর পর দুই বলে বোল্ড করে হ্যাটট্রিকের সুযোগও তৈরি করেছিলেন জাহানারা।
দুই ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল। ৮ ও ১৫ মার্চ হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৯, ১১ ও ১৩ মার্চ ভারতীয় মহিলা দলের বিপক্ষে একটা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সালমা খাতুনের দল।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ মহিলা দল: ৪৯.৩ ওভারে ১৫২ (আয়েশা ৪, শারমিন ১, ফারজানা ১০, সালমা ৬, রুমানা ৪৪, লতা ১০, শায়লা ২২, নুজহাত ২৬, ফাহিমা ৮, জাহানারা ০, খাদিজা ৫; কানিতা ৩/২৬, নিদা ২/১৯)। পাকিস্তান মহিলা দল: ৪৪.১ ওভারে ১০৯ (আসমাভিয়া ৪০, বিসমাহ ১৫; লতা ৪/৩৫, জাহানারা ৩/২২, রুমানা ১/২৩, সালমা ২/১০, ফাহিমা ০/৯, খাদিজা ০/৮)। ফল: বাংলাদেশ মহিলা দল ৪৩ রানে জয়ী।