সালমাদের ব্যাটিং-দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর থেকে সিলেট স্টেডিয়ামে বাজল গান, ‘আমরা করব জয়...আমরা করব জয়...।’ বাংলাদেশের ছেলেরা ম্যাচ জিতলে ড্রেসিংরুমে উদ্দীপনামূলক এই গানটা গাওয়া হয়। কাল ম্যাচের আগ থেকে শুরু করে ম্যাচ শেষেও ওটা বাজল অবিরাম। বেখাপ্পাভাবে!
ইংল্যান্ডের ৫ উইকেটে ১৩৭ রানের জবাবে বাংলাদেশ থামল ৫৮ রানে। ইংল্যান্ড জিতল ৭৯ রানে। টি-টোয়েন্টিতে এটা মহাসাগরীয় ব্যবধান। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে এটি বৃহত্তম জয়।
সেই ১৯৩৪-৩৫ সালে টেস্ট শুরু করা ইংল্যান্ডের কাছে বাংলাদেশের উড়ে যাওয়া অস্বাভাবিক নয়। হামাগুড়ি দিতে থাকা বাংলাদেশ ব্যবধান রাতারাতি ঘোচাতে পারবে না। তার পরও সময়ের দাবি ছিল আরেকটু ভালো ব্যাটিং।
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১১৫ রানে অলআউট করেও ৩৬ রানে হার। কাল ব্যাটিং হলো আরও জঘন্য। বোলিং-ফিল্ডিং আগের ম্যাচের মতো না হলেও উতরে গেছে। প্রথম ১৫ ওভার পর্যন্ত বেশ ভালোভাবে ম্যাচে বাংলাদেশ। ইংল্যান্ড ৩ উইকেটে ৮০। শেষ ৫ ওভারে ৫৭। অধিনায়ক এডওয়ার্ডস খেললেন ৬৯ বলে ১১ চারে সাজানো ৮০ রানের ইনিংস।
আগের দিন কোচ শেন ডিটজ বলছিলেন, ‘টি-টোয়েন্টি খেলতে কবজিতে জোর দরকার। বাংলাদেশের মেয়েদের সেটি নেই।’ কথাটা আবার প্রমাণিত। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে ১৫! ব্যাটাররা ৩০ গজের বাইরে বল নিতে পেরেছেন এক কি দুবার। বাংলাদেশের ইনিংসে ডট বলই ছিল ৮১টি!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমার বদলে জাহানারা এসে বললেন, ‘পাওয়ার প্লে ব্যবহার করতে পারলে আমাদের স্বাভাবিক খেলাটা বেরিয়ে আসত। যেটা আমরা করতে পারছি না।’
সালমাদের জন্য কোনো পরামর্শ নেই ইংল্যান্ড অধিনায়ক এডওয়ার্ডসের, ‘না, না, উপদেশ দেওয়ার মতো অবস্থায় নেই আমি।’ তবে বাংলাদেশের বোলিংয়ের প্রশংসাই ঝরল আন্তর্জাতিক ক্রিকেটে ১৯ বছর কাটিয়ে দেওয়া ব্যাটারের কণ্ঠে, ‘১৫ ওভার পর্যন্ত বাংলাদেশ ভালো বোলিং করেছে। বোলিং-ফিল্ডিংয়ে বেশ ভালো ছিল মাঠে।’
ব্যাটিংয়েই সমস্যা। কোনো কিছুতেই যা ঠিকঠাক হচ্ছে না। সালমারা কোনো জাদুমন্ত্রে আগামীকাল ভারতের বিপক্ষে যদি কিছু করতে পারেন!
সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড: ২০ ওভারে ১৩৭/৫ (এডওয়ার্ডস ৮০, স্কিভার ২০; সালমা ২/২৬, খাদিজা ২/২৯, রুমানা ১/১৭)। বাংলাদেশ: ২০ ওভারে ৫৮/৯ (ফাহিমা ১৬*, আয়েশা ১০, লতা ১০; হ্যাজেল ৩/৪, স্কিভার ৩/১০)। ফল: ইংল্যান্ড ৭৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শার্লট এডওয়ার্ডস।