সালমাদের সামনে অচেনা প্রতিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুর ১২টায় নেমে বিকেল চারটার পর মাঠ থেকে বেরোল দলটা। এর মধ্যে কী হয়নি! একাডেমি মাঠের সেন্টার উইকেটে ম্যাচ পরিস্থিতিতে ব্যাটিং, নেট প্র্যাকটিস, ফিল্ডিং প্র্যাকটিস, সব শেষে টিম মিটিং। অধিনায়ক মিগনন ডু প্রিজের কথায়ও পরিষ্কার—টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল।বাংলাদেশ মহিলা দলের অনুশীলন হয়ে গেছে সকালে। তাদের জন্য এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি নয়, তবে ভিন্ন একটা গুরুত্ব তো আছেই। গত নভেম্বরে ওয়ানডে মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের মেয়েদের জন্য আন্তর্জাতিক সিরিজগুলো হয়ে দাঁড়াচ্ছে নিজেদের প্রমাণের পরীক্ষা। সর্বশেষ আয়ারল্যান্ড সফরে সে পরীক্ষায় ব্যর্থ দল। চার ওয়ানডে খেলে হার তিনটিতে, পরিত্যক্ত একটি। সফরের একমাত্র সাফল্য একটি টি-টোয়েন্টি জয়। ওয়ানডে মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের মেয়েরা যে শুধু কোটা পূরণের শর্ত মানতেই খেলছে না, সেটা প্রমাণের তাড়না তাই থাকছেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ থেকে শুরু তিন ওয়ানডের হোম সিরিজে। মিরপুরে সিরিজ শুরুর আগে অধিনায়ক সালমা খাতুন স্বাগতিকের সুবিধার ওপর ভর করে আশার বেলুন ওড়ালেন।ওয়ানডে মর্যাদা ধরে রাখতে বছরে অন্তত তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ও তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে। ওয়ানডের শর্ত পূরণ হয়ে গেছে আয়ারল্যান্ড সফরেই। একই সফরে পূরণ হয়ে গেছে টি-টোয়েন্টির তিন ম্যাচের কোটাও।কিন্তু কোটা পূরণই কি সব? সময়ের সঙ্গে সঙ্গে তো লক্ষ্যটাও বড় হওয়া উচিত। অধিনায়ক সালমার কথায় মনে হলো, তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টির এই সিরিজে সেই লক্ষ্য পূরণের দিকেই তাকিয়ে তাঁর দল, ‘দক্ষিণ আফ্রিকা শক্ত প্রতিপক্ষ হলেও নিজেদের মাঠের সুযোগ কাজে লাগাতে চাই আমরা। আয়ারল্যান্ড সফর খুব একটা ভালো হয়নি বলে দলের সবাই জয়ের জন্য ক্ষুধার্ত।’দুই দলের এই প্রথম দেখা। শক্তি-দুর্বলতা সবই অজানা। তার পরও উপমহাদেশীয় অধিনায়কদের প্রথামতো সালমা ভরসা রাখছেন স্পিনারদের ওপর, ‘ওদের সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। তবে আমার বিশ্বাস, স্পিন দিয়ে আমরা ওদের আটকাতে পারব।’সালমা একটা বার্তা দিতে চাইলেন দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু মিগনন ডু প্রিজের আছে পাল্টা বার্তা, ‘আমরা জানি প্রতিপক্ষ দলে অনেক স্পিনার আছে। স্পিনারদের খেলার জন্য আমরা কঠোর পরিশ্রমও করেছি।’ বাংলাদেশ সফর মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি দক্ষিণ আফ্রিকার মেয়েদের জন্য। সেদিক দিয়ে বাংলাদেশ সফর উপমহাদেশীয় স্পিন, উইকেট, আবহাওয়া—সবকিছুর সঙ্গেই অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ করে দিচ্ছে দক্ষিণ আফ্রিকার মেয়েদের। ‘আমরাও মনে করি এই সফর আমাদের মধ্যে বিশ্বকাপের মেজাজ এনে দেবে। এটা বিশ্বকাপের আগে আমাদের চূড়ান্ত প্রস্তুতি।’ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান, শারমীন আক্তার, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, লতা মণ্ডল, নুজহাত তাসনিম, খাদিজাতুল কুবরা, রিতু মনি, শায়লা শারমীন, লিলি রানী, তাজিয়া আক্তার, চম্পা চাকমা। স্ট্যান্ড বাই: আয়েশা আক্তার, পান্না ঘোষ, সুলতানা ইয়াসমিন, তিথি রানী, সানজিদা ইসলাম।