সালমাদের সামনে ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাছি গলারও উপায় নেই। মাঠ, অনুশীলন ভেন্যু, হোটেল সবখানেই নিরাপত্তার বজ্রআঁটুনি। সিলেট যেন লখিন্দরের বাসরঘর। সব বিড়ম্বনা এড়িয়ে আজ সিলেটবাসীর গন্তব্য সুসজ্জিত বিভাগীয় স্টেডিয়াম। সালমাদের বিশ্বকাপ অভিষেকের সাক্ষী যে হওয়া চাই!
বিশ্ব ক্রিকেট দেখবে নতুন এক বাংলাদেশ। হামাগুড়ি দিয়ে চলতে থাকা বাংলাদেশের নারী ক্রিকেট গলি থেকে রাজপথে পা রাখছে আজ। পুরুষ দলের তুলনায় এই পথচলা একটু দ্রুতই ঘটে গেল। এখানকার আলোর ঝরনাধারায় সব আলোই তাই উপচে পড়ছে বাংলাদেশের মেয়েদের ওপর।
ক্রিকেটচূড়ায় পা রাখার এই ঐতিহাসিক দিনে বাংলাদেশের সামনে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। যে দলটির বিপক্ষে আগের একমাত্র ম্যাচে হার ৯ উইকেটে। আজ জয় পেলে বিশ্বমঞ্চে অভিষেক হবে সোনায় মোড়ানো। না জিতলেই বা ক্ষতি কী! বাংলাদেশের চেয়ে ওরা অনেক এগিয়ে। অনেক অভিজ্ঞ। টি-টোয়েন্ট বিশ্বকাপে দুবার সেমিফাইনালে ওঠা এই ওয়েস্ট ইন্ডিজ পরশু ইংল্যান্ডকে ৯ রানে হারিয়ে এবারও করেছে শুভসূচনা। কাজেই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর আশা আর বাস্তবতার মাঝখানে ব্যবধানটা স্পষ্টই।
ডটিন নামে মারকুটে এক ব্যাটার এই দলের বড় বিজ্ঞাপন, যিনি টি-টোয়েন্টিতে ৩৮ বলে সেঞ্চুরি করে এরই মধ্যে পেয়ে গেছেন ‘মেয়েদের ক্রিস গেইল’ খেতাব। ব্যাটিংয়ে ঝড় তোলা খেলোয়াড় আছেন আরও কয়েকজন। বোলিং, ফিল্ডিংও বেশ নজরকাড়া। এমনিই তো আর টি-টোয়েন্টির শিরোপা জয়ের মিশনে ওয়েস্ট ইন্ডিয়ান মেয়েদের নামটা সামনের দিকে নয়!
বাংলাদেশ দলের হালফিলের অবস্থা তেমন সুখকর নয়। সালমা খাতুনের সংসারে টাটকা হাওয়া নেই। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের কাছে পাঁচটি টি-টোয়েন্টিতে হেরে হোয়াইট ওয়াশ। এই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোও পরীক্ষা-নিরীক্ষা হয়েছে বিস্তর। এসবের জেরে দলের অন্দরমহলে খানিক অসন্তোষ জমেছে বলেও খবর। এসব এক পাশে রেখে ঘরের মাঠে আজ স্মরণীয় কিছু করতে পারবে বাংলাদেশ?
অধিনায়ক সালমা খাতুন আশার কথাই বলছেন, ‘আমাদের ব্যাটাররা রানে নেই, ওদের কাছে রান চাই। বোলিং-ফিল্ডিং ভালোই। ব্যাটিংই আমাদের সবচেয়ে বড় সমস্যা। প্রস্তুতি ভালো হয়েছে। তাই ম্যাচটায় ভালো করতে চাই। এটাই সবচেয়ে বড় লক্ষ্য। নিজের দেশে খেলা হবে বলে জয়ের দিকেই চোখ রাখব আমরা।’
ওয়েস্ট ইন্ডিজের জন্য ম্যাচটা দুধভাতই হওয়ার কথা। তবে টি-টোয়েন্টিতে ছোট-বড় প্রতিপক্ষ বলে আসলে কিছু নেই! এ কারণেই ক্যারিবিয়ান অধিনায়ক মেরিসা আগিলেরার কণ্ঠে সমীহ, ‘বাংলাদেশকে সহজভাবে নিচ্ছি না। দর্শক সমর্থন পাবে ওরা। তবে আমরা চ্যাম্পিয়ন হওয়র পথে এগিয়ে যেতে চাই। জয় ছাড়া আর কিছুই ভাবছি না।’
পাল্টা জবাব সময়ের দাবি সালমাদের কাছে। সেটি তাঁরা দিতে পারলে পেছনে পড়বে গত কিছুদিনের দুঃস্বপ্ন। ক্রিকেট শৃঙ্গে ওঠার এই দিনে জ্বলে উঠুন সালমারা, সিলেটে চলছে এই প্রার্থনাই!