সালমাদের স্বপ্নপূরণের দিন!
একটা স্বপ্ন ভেঙে গেছে। সামনে আরেকটা স্বপ্ন। আজ সেই স্বপ্নপূরণের দিন। বাংলাদেশের মেয়েরা কি পারবে ওয়ানডে মর্যাদা পাওয়ার স্বপ্নটা পূরণ করতে? পারবেন সালমা খাতুন?শুধু দলের অধিনায়ক বলেই নয়, বাংলাদেশে মেয়েদের ক্রিকেটের প্রতীকই হয়ে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার। ২০০৭ সাল থেকে অধিনায়ক, পারফরম্যান্সেও এগিয়ে সবার চেয়ে। বাংলাদেশের মহিলা ক্রিকেটের ইতিহাস লেখা হলে সালমাকে নিয়ে আলাদা একটা অধ্যায় থাকতেই হবে।সেই দাবিটাই আজ আরও জোরালোভাবে জানানোর দিন। বিশ্বকাপ বাছাইয়ে বিকেএসপিতে প্লে-অফ ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। টুর্নামেন্টে চার ম্যাচ খেলে তিনটিতেই বিশাল ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র, ১০ দলের মধ্যে দশম জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র জয়টিও মাত্র ১ রানের। অপেক্ষাকৃত দুর্বল এই প্রতিপক্ষকে হারাতে পারলেই ওয়ানডে মর্যাদা পেয়ে যাবে সালমার দল। বাংলাদেশের মহিলা ক্রিকেটে সালমা-অধ্যায়টাও হবে আরও সমৃদ্ধ। বিশ্বকাপের স্বপ্নভঙ্গের পর এখন এই স্বপ্নেরই আঁকিবুঁকি খুলনার তরুণীর চোখে, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন তো ভেঙে গেল। এখন একটাই স্বপ্ন—ওয়ানডে মর্যাদা পাওয়া। আশা করছি, আমাদের এই স্বপ্নটা পূরণ হবে। যুক্তরাষ্ট্রকে আমরা হারাতে পারব।’ক্রিকেটে হাতেখড়ি মামা আর মামাতো ভাইদের সঙ্গে খেলে। খেলাটা দেখতে পছন্দ করতেন, খেলতে ভালো লাগত—সেই শখের ক্রিকেটই হঠাৎ করে জড়িয়ে গেল জীবনের সঙ্গে। ২০০৬ সালে দেশে মহিলা ক্রিকেট শুরু হওয়ার পর দারুণ খুশি হয়েছিলেন সালমা, ‘কখনোই ভাবিনি বাংলাদেশে একদিন মহিলা ক্রিকেট হবে। যখন শুনলাম, কী যে ভালো লাগছিল! মনে হচ্ছিল, আমার খেলাটা বৃথা যায়নি, এটাকে কাজে লাগানো যাবে।’সে বছরই খুলনার হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট শুরু। প্রথম টুর্নামেন্টেই চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি করে নিজেকে চেনানো, জাতীয় দলে ডাক পাওয়া, অধিনায়কত্ব—যেন স্বপ্নের একেকটা সিঁড়ি ভাঙা! তবে জাতীয় দলের নেতৃত্ব পেয়ে অবাকই হয়েছিলেন, ‘আমার তো তেমন পড়াশোনা নেই। অধিনায়কত্ব পেয়ে তাই অবাক হয়েছিলাম। আমি ভাবতাম, পড়াশোনা নেই বলে হয়তো কখনোই অধিনায়ক হওয়া হবে না আমার।’ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা আর চার ভাইবোনের সংসার অষ্টম শ্রেণীর পর সালমার পড়াশোনার ভার বইতে পারেনি। নুন আনতে পানতা ফুরানোর জীবনের স্মৃতি এখনো সঙ্গী হয় নিঃসঙ্গ সময়ের, ‘যখন একা থাকি, শুয়ে শুয়ে ভাবি, কোথায় ছিলাম আর কোথায় আছি! পড়াশোনা করব, পরিবার থেকে একসময় বিয়ে দিয়ে দিবে...এই তো জীবন হওয়ার কথা ছিল আমার।’অথচ সালমাকে কত মানুষ চেনে এখন! দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়াতে শুরু করেছে নাম। আত্মীয়স্বজনেরা ‘সালমা আমাদের মেয়ে’ বলে গর্ব করে। রাস্তায় বের হলে মানুষ সাগ্রহে কথা বলতে আসে। ভৈরব নদীর ওপারের মিল্কিদেয়ারা গ্রামের কুঁড়েঘরের সালমা আজ বিদেশে যায়, পাঁচ তারকা হোটেলে থাকে! মহিলা ক্রিকেটের ইতিহাস শুধু কেন, সালমার উঠে আসার গল্প বোধহয় ‘রিপলিজ বিলিভ ইট অর নট’-এরও একটা বিষয় হতে পারে। এই রূপকথাকে বাস্তব করতে সালমার শক্তি ছিলেন আরেক নারী, তাঁরই মা। ‘আম্মু যেদিন শুনলেন মেয়েদের ক্রিকেট শুরু হচ্ছে, বলেছেন, ঠিক আছে, আমার মেয়েও খেলবে’—রূপসী বাংলা হোটেলের লবিতে বসে কাল কথাগুলো বলছিলেন ক্রিকেট-কন্যা।যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা পেলে বড় একটা স্বপ্নপূরণ হবে। কিন্তু সালমা থামতে চান না এখানেই। ভবিষ্যৎ প্রজন্ম ‘সালমা আপু’র নাম জানবে, তাঁর কাছে শিখতে চাইবে, বাংলাদেশের মহিলা ক্রিকেটে তেমনই এক ব্যক্তিত্ব হয়ে দাঁড়াতে চান, ‘আমি আকরাম খান, হাবিবুল বাশারদের মতো জায়গায় যেতে চাই। যখন আমরা থাকব না, তখনো ধারাভাষ্যকারেরা আমার নাম বলবে, সবাই আমাকে খুঁজবে। ভাববে, সালমা আপুর কাছ থেকে কিছু একটা জানতে পারব, শিখতে পারব। এখন পর্যন্ত যা করেছি, এর চেয়েও অনেক বেশি কিছু করে যেতে চাই।’সেই স্বপ্নপূরণে বড় একটা ধাপ হতে পারে আজকের ম্যাচ। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ওয়ানডে মর্যাদা পেলে ভবিষ্যতে যখনই এই মাইলফলকটার কথা উঠবে, সবাই বলবে, ‘ওই যে সালমার দল...।’