সালমান বাটই পাকিস্তানের নতুন অধিনায়ক
পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদী হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর সবাই ধরেই নিয়েছিল যে সহ-অধিনায়ক সালমান বাটই হচ্ছেন পরবর্তী অধিনায়ক। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট জানিয়েছিলেন, ‘সহ-অধিনায়ক আছেন বলেই যে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী অধিনায়ক সালমান বাটই হবেন, এমনটা ভাবলে ভুল হবে।’ অবশেষে আজ দলের সিনিয়র খেলোয়াড়দের নিয়ে করা পিসিবির বৈঠক থেকে জানানো হয়, সালমান বাটই হচ্ছেন পাকিস্তানের নতুন অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটকিপার কামরান আকমল। ২০০৯ সালের জানুয়ারির পর থেকে এই নিয়ে পাঁচবার অধিনায়কত্ব পরিবর্তন হলো পাকিস্তানের।বর্তমানে পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করেছেন সালমান বাট। গত সাতটি টেস্টে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিতে সালমানের ব্যাটিং গড় ৪০। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসেও পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৩ ও ৯২ রান করেছেন তিনি। অধিনায়কত্বের চাপ সামলিয়ে ব্যাট হাতেও জ্বলে উঠতে পারবেন কি না, এখন সেটাই দেখার বিষয়। ওয়েবসাইট