সালমানের চমক, এলিনার ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিনা সুলতানা ও সালমান খান
এলিনা সুলতানা ও সালমান খান

পুরো ফিট নন বলে সামার ওপেন ব্যাডমিন্টনের এককে খেলেননি সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এনামুল হক। আরেক সাবেক জাতীয় চ্যাম্পিয়ন আইমান ইবনে জামানও প্রস্তুতি ভালো হয়নি বলে খেলেননি। সুযোগটা কাজে লাগিয়েছেন উদীয়মান শাটলার সালমান খান। সিলেটের এই তরুণ সামার ওপেন ব্যাডমিন্টনে প্রথমবারের মতো ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন। মহিলা এককে সেরা অবশ্য সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এলিনা সুলতানা। পাঁচ আসরে এটি তাঁর চতুর্থ শিরোপা।

বর্তমান চ্যাম্পিয়ন মোহাম্মদ মিনহাজ বিদায় নেন প্রি-কোয়ার্টার ফাইনালে। হেরেছেন আরিফুল ইসলাম তুহিনের কাছে। বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে শিরোপা জেতারই স্বপ্ন দেখেছিলেন বগুড়ার শাটলার তুহিন। কিন্তু কাল ফাইনালে সালমানের কাছে হেরেছেন সরাসরি ২-০ সেটে।

জুনিয়র পর্যায়ের টুর্নামেন্টেই কখনো খেলেননি সিলেট ব্যাডমিন্টন একাডেমির সালমান। গত মৌসুমে প্রথম সামার ওপেনে সিনিয়রদের সঙ্গে খেলেই চমক দেখিয়েছিলেন। সেমিফাইনালে যদিও হেরেছিলেন মিনহাজের কাছে। এবার হারাতে চেয়েছিলেন মিনহাজকে, কিন্তু মুখোমুখি হওয়ার সুযোগ মেলেনি।

এবার প্রস্তুতি ছিল ভালো। তারপরও চ্যাম্পিয়ন হয়ে সালমান নিজেই যেন একটু বিস্মিত, ‘টুর্নামেন্ট শুরুর আগে ভাবতেই পারিনি চ্যাম্পিয়ন হব। চ্যাম্পিয়ন হয়ে তাই একটু বেশিই আনন্দ হচ্ছে।’

প্রস্তুতিটা ভালো ছিল না এলিনার। মাসখানেক আগেই চিকুনগুনিয়া থেকে সেরে উঠেছেন। কিন্তু শরীরের অবস্থা দেখে চিকিৎসক টুর্নামেন্টে খেলতেই নিষেধ করেছিলেন। তবু ব্যথানাশক ওষুধ খেয়ে কোর্টে নেমেছেন, বর্তমান চ্যাম্পিয়ন শাপলাকে হারিয়েছেন সরাসরি ২-০ সেটে।