কেবল আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি ছিল। কিছুদিন আগেই বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী আবদুর রহিম প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। আজ নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা কাজী সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও চার বছরের জন্য দেশের ফুটবলের অধিকর্তা নির্বাচিত হয়েছেন। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম সালাউদ্দিনের বিপক্ষে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু একপর্যায়ে তিনি সভাপতি পদে সালাউদ্দিনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। রহিম সরে দাঁড়ানোর আগেই অবশ্য মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গিয়েছিল। কাগজে-কলমে আজকের নির্বাচনে ব্যালট পেপারে সালাউদ্দিনের সঙ্গে আবদুর রহিমের নাম থাকলেও কার্যত এ পদে কোনো নির্বাচন হয়নি। বাফুফে নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা ফিফার প্রতিনিধি মনিলাল ফার্নান্দো এ ব্যাপারে আবদুর রহিমের সঙ্গে কথা বলেন। আলোচনায় আবদুর রহিম সালাউদ্দিনের প্রতি তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন। এরপরপরই বাফুফের বার্ষিক সাধারণ সভায় কাজী সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। কাজী সালাউদ্দিনের প্রতি সমর্থন জানিয়ে অনেক আগেই গঠিত হয়েছিল সম্মিলিত ঐক্য পরিষদ। সেই পরিষদে আছেন ২০০৮ সালের বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের বিপক্ষ প্যানেলে নির্বাচন করা সাবেক তারকা ফুটবলার বাদল রায়, সালাম মুর্শেদী, শেখ মোহাম্মদ আসলাম ও সত্যজিত্ দাস রূপু। আছেন অভিজ্ঞ সংগঠক হারুনুর রশিদ, শওকত আলী খান ও কাজী নাবিল আহমেদ। তাঁরা এবার একই পতাকাতলে নেমেছেন নির্বাচনী ময়দানে।২০০৮ সালের নির্বাচনে কাজী সালাউদ্দিন সভাপতি পদে পরাজিত করেছিলেন সাবেক সেনা কর্মকর্তা আমীন আহমদ চৌধুরী বীর বিক্রমকে। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সালাউদ্দিন টানা দ্বিতীয় মেয়াদে বাফুফের সভাপতি হওয়ার বিরল ও অনন্য গৌরব অর্জন করলেন। এর আগে আর কেউ দুই মেয়াদে বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেননি।স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রাখা কাজী সালাউদ্দিন সত্তরের দশকের পুরো সময় ও আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত দাপটের সঙ্গে বিচরণ করেন দেশের ফুটবলাঙ্গনে। তিনি এখন পর্যন্ত বিদেশে পেশাদারি লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেন দীর্ঘদিন। বলতে গেলে ক্যারিয়ারের পুরো সময় আবাহনীতে কাটিয়ে ১৯৮৪ সালে তিনি ফুটবলকে বিদায় জানান। ফুটবলকে বিদায় জানানোর পর তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি কোচ হিসেবে ১৯৮৫ সালে আবাহনীকে লিগ শিরোপা জেতান। ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমস ও ১৯৯৩ সালে জাপান ও আরব আমিরাতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেন।সভাপতি হিসেবে ২০০৮—২০১২ সময়কালে সালাউদ্দিন প্রশংসিত হন ফুটবল উন্নয়নে কয়েকটি পদক্ষেপের কারণে। এই পুরো সময়ে দেশের ঘরোয়া ফুটবল ছিল নিয়মিত। তিনি কোটি টাকার প্রাইজমানির দুটি ঘরোয়া প্রতিযোগিতারও আয়োজন করেন। সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে ঢাকায় এনে। গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। এবার নির্বাচিত হলে তিনি দেশের আঞ্চলিক ফুটবলকে চাঙা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।