সালাউদ্দিন আবারও সাফের সভাপতি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন

দেখতে দেখতে কেটে গেল চারটি বছর। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাচন দরজায়। আঞ্চলিক ফুটবল সংস্থার সভাপতি পদে চারটি বছর কাটিয়েছেন কাজী সালাউদ্দিন। মেয়াদ শেষে আবারও একই পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বাফুফে সভাপতি।
এখন পর্যন্ত সাফ সভাপতি পদে সালাউদ্দিনই একক প্রার্থী। কাঠমান্ডুতে আগামী সেপেটম্বরে যখন সাফ ফুটবল চলবে, সেখানেই ১০ সেপ্টেম্বর সাফের সাধারণ সভা। দ্বিতীয় কোনো প্রার্থী না থাকলে সেদিনই সালাউদ্দিন দ্বিতীয় মেয়াদে সাফের সভাপতি নির্বাচিত হয়ে যাবেন। একাধিক প্রার্থী থাকলে ভোটাভুটি হবে।
ভোটাভুটির দরকার হবে না বলেই এখন পর্যন্ত আভাস। গত ৩০ জুলাই কাঠমান্ডুতে সাফ ফুটবলের ড্র অনুষ্ঠানে গিয়ে হাওয়াটা বুঝে এসেছেন সালাউদ্দিন। সাফের সভাপতি পদে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার একটা সবুজ সংকেত মিলেছে।
সালাউদ্দিন দেশে ফিরে বলছেন, ‘আমি নির্বাচন করব বলে ঠিক করেছি। তবে এটা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিনি। মালদ্বীপ, শ্রীলঙ্কার ফেডারেশনে নতুন সভাপতি এসেছে। তাঁদের মতামত জানা হয়নি। তবে এখন পর্যন্ত ধারণা করছি, সভাপতি পদে আমি ছাড়া আর কেউ নেই।’
সাফের সাধারণ সম্পাদক ভারতের আলবার্তো কোলাসো, নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ থাপার বড় একটা ভূমিকা থাকছে একই নির্বাচনে। তাঁরা সালাউদ্দিনকেই নাকি সভাপতি পদে আবার চান। বাকি দেশগুলো তাতে বাগড়া দেবে না বলেই ধারণা।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলে কী করবেন, সেটির একটা ছকও বানিয়ে ফেলেছেন বাফুফে সভাপতি ‘আবার সাফ সভাপতি হলে অবশ্যই এবার সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করব। স্পনসরের অভাবে গত মেয়াদে এটা করতে পারিনি। এবার করবই। এটা আমার চ্যালেঞ্জ’।
আগের ব্রিফকেস থেকে বেরিয়ে সাফ মোটামুটি গতিশীল। গত চার বছরে নিয়মিত সাফ টুর্নামেন্ট ছাড়াও মহিলা সাফ, অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট হয়েছে। আবার দায়িত্ব পেলে অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টটাকে রূপ দিতে চান অনূর্ধ্ব-১৮-তে।
মাঠের পরিকল্পনার পাশাপাশি আসছে প্রাসঙ্গিক একটা প্রশ্নও। সাফের সদর দপ্তর বর্তমানে দিল্লিতে। সেটিকে ঢাকায় আনা যায় না? সালাউদ্দিন এ ক্ষেত্রে একটা সমস্যা দেখেন, ‘বাফুফেতে সাফের সদর দপ্তর করার সুযোগ নেই। কারণ, স্থান ও অর্থ। তার পরও এটা নিয়ে ভাবা যেতে পারে।’
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ইচ্ছাপ্রকাশ মানেই গত চার বছর দায়িত্বটা উপভোগ করেছেন সালাউদ্দিন। নতুন কোনো প্রার্থীর উদয় হলে বা নির্বাচনে হারলে ভিন্ন কথা। নইলে চিত্রনাট্য একরকম তৈরিই হয়ে আছে। সালাউদ্দিনেরই হাতেই থাকছে এই অঞ্চলের ফুটবলের নেতৃত্ব।