সালাউদ্দিন পেলেন দুঃসংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ পা রাখবেন ৫৯ বছরে। জন্মদিনের ঠিক আগের দিন একটা দুঃসংবাদই শুনতে হলো কাজী সালাউদ্দিনকে। বাফুফে সভাপতির হার্টে ব্লক ধরা পড়েছে। রিং পরাতে হবে। সেটি কবে পরাবেন, কাল অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা সালাউদ্দিনকেই সেই সিদ্ধান্ত নিতে বলেছেন।

বিকেলে ফোনে সালাউদ্দিন বলছিলেন, ‘এইমাত্র ডাক্তার দেখিয়ে বেরোলাম। হার্টে রিং দেশে না বিদেশে পরাব, দু-এক দিনের মধ্যে ঠিক করব।’ তবে দ্রুতই অস্ত্রোপচারের ইঙ্গিত দিলেন সালাউদ্দিন এবং তা বিদেশেই। তাঁর অসুস্থতা মানে বাফুফের অনেক কাজের গতিই থেমে থাকা। সবকিছু যে আবর্তিত হয় তাঁকে ঘিরেই।

তবে আগামী মাসেই প্রস্তাবিত বঙ্গবন্ধু কাপ আয়োজনের সিদ্ধান্তে অটলই আছেন সালাউদ্দিন, ‘আমার অসুস্থতায় হয়তো একটু সমস্যা হতে পারে। তবে অক্টোবরেই বঙ্গবন্ধু কাপ করতে চাই।’ এ মাসেই কাতার এবং আগামী মাসের প্রথম দিনেই জুরিখ যাওয়ার কথা আছে তাঁর। বঙ্গবন্ধু কাপ আয়োজন করলে কুয়েত যাওয়ার প্রয়োজন হতে পারে। কারণ, কুয়েত পেট্রোলিয়াম আর্থিক সহায়তা দেবে বঙ্গবন্ধু কাপে। তবে চিকিৎসকেরা এ মুহূর্তে তাঁকে বুঝেশুনে বিদেশভ্রমণের পরামর্শ দিয়েছেন। দু-এক দিনের মধ্যে করণীয় ঠিক করবেন সালাউদ্দিন।

এরই ফাঁকে কণ্ঠটা একটু ধরে আসে, ‘ব্যক্তি এবং ব্যবসায়ী জীবন চলছিল ঠিকঠাকই। তবে বাফুফে সভাপতির চেয়ারে বসার পর থেকে নানা চাপ সামলাতে হচ্ছে। সেই চাপের কারণেই হয়তো শরীরের এ অবস্থা।’