সালাউদ্দিনই আবার সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনের বাইরে তখন উৎসবমুখর পরিবেশ। সাধারণ সভা শেষে ভোট গ্রহণ শুরু হওয়ার প্রস্তুতি চলছে। এমন সময়ই বুক থেকে পাথর নেমে গেল কাজী সালাউদ্দিনের। বাফুফের সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার পথে প্রতিদ্বন্দ্বিতার শেষ কাঁটাটাও তাঁর সরে গেল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে একটা ইতিহাসই গড়লেন সাবেক তারকা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পর পর দুবার কোনো ফেডারেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়া বিরল ঘটনা। সালাউদ্দিন সেই কীর্তি গড়ে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়।আপাতদৃষ্টিতে মনে হতে পারে, খুব সহজেই মাঠ খালি পেয়েছেন সালাউদ্দিন। কিন্তু ভেতরের খবর হলো, তাঁর নাওয়া-খাওয়া ছিল না কিছুদিন ধরে। ভোটাভুটিতে গেলে নেতিবাচক ভোট যে তাঁর বাক্সে পড়ত না, সেই নিশ্চয়তা ছিল না।সালাউদ্দিনকে শেষ ধাপে এসে আরেকটু এগিয়ে নেন মনিলাল ফার্নান্দো, শ্রীলঙ্কার এই ফুটবল কর্মকর্তা ফিফার সদস্য এবং এ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা। ভদ্রলোক বাংলাদেশে এতবার এসেছেন যে অনেক কিছুই জানা হয়ে গেছে। বাংলাও টুকটাক জানেন। বাফুফের নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে মনিলাল কাল একটা ইতিহাসে নাম লেখালেন নিজের। তাঁর উদ্যোগই শেষ পর্যন্ত নির্বাচনে মূল পদ অর্থাৎ সভাপতি পদে ভোটাভুটি হয়নি।যদিও এই পদে আবদুর রহিমের নাম ছিল ব্যালট পেপারে। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পেরিয়ে সরে দাঁড়ান রহিম। কিন্তু সময়মতো প্রত্যাহার না করায় সাধারণ সভা চলার সময় মনিলাল উঠে দাঁড়িয়ে আবদুর রহিমের কাছে জানতে চান, তিনি স্বেচ্ছায় নাকি কারও চাপে নির্বাচন করছেন না? রহিম তখন জানান, কোনো চাপ বা অর্থের প্রলোভন নয়। স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন। এটা বলার পর মনিলাল তখনই ঘোষণা দেন, প্রতিদ্বন্দ্বী না থাকায় ফিফার নিয়ম অনুযায়ী সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। পরপরই সাধারণ সভা সেটি অনুমোদন করে দেয় এবং মনিলাল নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিনকে সভাপতি পদে ভোট না করার জন্য বলেন। নির্বাচন কমিশনার সাধারণ পরিষদের কাছে বিষয়টা জেনে নিয়ে তবেই দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত। সাধারণ পরিষদ সালাউদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেছে কি না, এটা নিশ্চিত হয়ে তারপর তিনি সভাপতি পদে ভোট না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। এভাবেই সভাপতি পদে নির্বাচনে সব আগ্রহে ঢেলে পড়ে জল।রহিম পরে সাধারণ সভা থেকে বেরিয়ে সাংবাদিককের বললেন, কারও চাপে পড়ে নয়, সালাউদ্দিনকেই সভাপতি পদে যোগ্যতম প্রার্থী মেনে নির্বাচন থেকে সরে গেছেন। এটা সবাই একবাক্যেই মানছেন, সালাউদ্দিনের বিকল্প ভালো প্রার্থী না আসা পর্যন্ত তিনিই বাফুফের সভাপতির চেয়ারে যোগ্যতম প্রার্থী।সেদিক থেকে কোনো ‘অঘটন’ না ঘটার স্বস্তির হাওয়া বয়ে বেড়াল দিনভর। তবে চার বছর আগের চেয়ে কালকের দিনটি ছিল খানিকটা আলাদা। চার বছর আগে বাফুফে নির্বাচনের দিন ফুটবল ভবন চত্বরে অন্তত ৮-১০ হাজার লোক ছিল। সবাই ঢুকতে পেরেছে ভবন চত্বরে। এবার মূল ভবন চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। তবে আশপাশের ক্লাব, রাস্তায় ছিল অসংখ্য মানুষ। বেশির ভাগই প্রার্থীদের পক্ষে আসা। রাজনৈতিক কর্মীর ভিড়ও ছিল লক্ষণীয়। বাফুফে ভবনের ফটকের সামনে একদল কর্মী বিভিন্ন প্রার্থীর নাম ধরে দিনভরই স্লোগান দিয়েছে। সন্ধ্যা নামতে সেই আনন্দ-উল্লাস অনেকের কাছে রূপ নিয়েছে বিষাদে। দেশের বিবর্ণ ফুটবলে রং-তুলির আঁচড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে জিতলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্ভার সালাউদ্দিন রাত ১০টা নাগাদ নির্বাচিত কর্মকর্তাদের নিয়ে সংবাদমাধ্যমের সামনে আসেন। ভিড়ের মধ্যে বলেন, ‘আমি সব নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ করব।’ এবার প্রতিশ্রুতি রাখার পালা। ফুটবলপ্রেমী জনতা, নড়েচড়ে বসুন!