এখন পর্যন্ত কোনো চমক নেই। সেই সম্ভাবনাও ক্ষীণ। বাফুফের সভাপতি পদে কাজী সালাউদ্দিনই একক প্রার্থী হতে পারেন। ২৮ এপ্রিলের নির্বাচনে সালাউদ্দিন ‘সমঝোতা’ সাপেক্ষে একরকম ফাঁকা মাঠই পেতে যাচ্ছেন।সালাউদ্দিনের বিকল্প প্রার্থী খুঁজেছেন তাঁর বিরোধীরা। শিল্পপতি এবং ক্রীড়া সংগঠক অঞ্জন চৌধুরী পিন্টুকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি বলে জানা গেছে। তবে গত রাতে সালাউদ্দিন-বিরোধী পক্ষের এক নীতিনির্ধারকের দাবি, ‘পিন্টু ভাই বিদেশে আছেন। চাইলে তাঁকে রাজি করিয়ে প্রার্থী করা যেতে পারে।’অবশ্য ক্রীড়াসংশ্লিষ্টদের ধারণা, সালাউদ্দিনের বিপক্ষে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই অঞ্জন চৌধুরীর। কাজেই সালাউদ্দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাফুফের সভাপতি পদে আবারও নির্বাচিত হওয়ার সম্ভাবনাই প্রবল।সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য হারুনুর রশিদের ঐক্যের আহ্বানও ফলপ্রসূ হওয়ার দিকেই এগোচ্ছে। সমপ্রতি তিনি বাফুফের সভায় ঐক্যের ডাক দেন। তাৎক্ষণিকভাবে সবাই তা সমর্থন করলেও পরে খবর রটে, ঐক্য হচ্ছে না।তবে হারুনুর রশিদ কাল আবার ঐক্যের গানই শুনিয়েছেন, ‘আমার বিশ্বাস, ঐক্য হয়ে যাবে। সেভাবেই সবকিছু এগোচ্ছে। ঐক্য হলে সভাপতি পদে সালাউদ্দিনই থাকবেন। দু-চারটা পদে এদিক-ওদিক হতে পারে। বাকি সব ঠিকই থাকবে।’সালাউদ্দিনের ঘনিষ্ঠ একটি সূত্রও জানিয়েছে, ‘সালাউদ্দিন সভাপতি পদে একক প্রার্থী, এটা নিশ্চিত। এখন দর-কষাকষি চলছে অন্য পদ নিয়ে। শেষ পর্যন্ত একটা পরিষদই হতে পারে। তবে সভাপতি পদ বাদে বাকিগুলোতে প্রার্থী অনেক। কাজেই সেগুলোতে নির্বাচন হবে এবং নিজ যোগ্যতাতেই তাতে জিতবে হবে। সভাপতি বাদে বাকি পদে ঐক্যের কোনো প্রভাব পড়বে বলে মনে করার কারণ নেই।’গত রাতে অন্য একটি সূত্র জানিয়েছে, ঐক্য না হলে সালাউদ্দিনের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করানো হবেই। তাঁকে খালি মাঠে গোল দিতে দেবেন না তাঁর বিরোধীরা। সেই প্রার্থী ‘কলাগাছ’ হলেও নির্বাচনী ময়দানে নামবেন।বাফুফের গঠনতন্ত্র নিয়ে জটিলতার আপাত একটা সমাধান হয়েছে পরশু। কাউন্সিলর না হলেও নির্বাচনে প্রার্থী হওয়া যাবে—এটা চূড়ান্ত হওয়ায় নির্বাচনে এবার প্রার্থী অনেক। সভাপতি পদে এখন পর্যন্ত একাধিক প্রার্থী না হলেও উল্টো চিত্র সহসভাপতি ও সদস্য পদে। ২১ সদস্যের কমিটির ২০টি পদেই লড়াই হবে বলে সবার অনুমান।এক সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘এখন আসলে দুই পক্ষে আসন নিয়ে দর-কষাকষি চলছে। সালাউদ্দিন-বিরোধীরা কয়েকজনকে নিয়ে আপত্তি তুলে আসছিল এতদিন। যেমন, মালু ভাই (মনজুর হোসেন), বাচ্চু ভাই (সিরাজুল ইসলাম), বাবু (আমিরুল ইসলাম), মাহবুবুর রহমান, মাহফুজা আক্তার।’ উল্টো দিক থেকে আপত্তি আছে, এমন নামও কম নয়—হাসানুজ্জামান বাবলু, খুরশিদ বাবুল, সত্যজিত দাস, শামসুল হক, ফজলুর রহমান। সালাউদ্দিনের পক্ষের একজন জানিয়েছেন, ‘সালাউদ্দিন ভাই সমঝোতা করবেন তাঁর পছন্দের লোকদের নিয়েই। নইলে তিনি সমঝোতা করতে যাবেন কেন?’ওদিকে নির্বাচন জমে উঠছে সহসভাপতি পদে। সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছেন সিনিয়র সহসভাপতি পদে সালাম মুর্শেদী। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী, বর্তমান সদস্য গোলাম রব্বানী হেলাল। সহসভাপতি পদে নির্বাচন করতে চান সাবেক ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফার, আরিফ খান জয়, ব্রাদার্সের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ। সদস্য পদে সাবেক ফুটবলার ছাইদ হাসান, ইকবাল হোসেন, মাসুদ রানা প্রমুখ। শেখ জামালের সভাপতি মনজুর কাদের, সায়ান রহমানের নামও শোনা যাচ্ছে।সভাপতি পদে একক প্রার্থীই শেষ পর্যন্ত থাকলে বাকি পদগুলোতে লড়াই হবে হাড্ডাহাড্ডি।