সালাউদ্দিনই থাকছেন সাফের সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি ছিল। কাল কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভা শেষে এল সেটাও। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনই থাকছেন সাফের সভাপতি।
মাস চারেক পর সাফের কংগ্রেসে নতুন সাফ সভাপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা সারা হবে। তবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তার আগেই আগামী চার বছরের জন্য সালাউদ্দিনকে সাফের সভাপতি রেখে দেওয়ার ঘোষণা দিলেন অল নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গণেশ থাপা।
‘গণেশ সংবাদ সম্মেলনে বলেছেন, আমার নেতৃত্বে বর্তমান সাফ কমিটি ভালো কাজ করেছে। এই পদের জন্য কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। কাজেই বলতে পারেন, আমিই সাফের সভাপতি থাকছি’—কাঠমান্ডু থেকে গত রাতে ফোনে জানিয়েছেন সালাউদ্দিন।
সাফের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কালকের সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। অনেক দিন ধরেই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ করার পরিকল্পনার কথা বলে আসছিলেন সালাউদ্দিন। আগামী বছরের আগস্টে সেটি হবে। সালাউদ্দিন টুর্নামেন্টটা ঢাকায় আয়োজনের প্রস্তাব দিয়েছেন।