সালাউদ্দিনই সভাপতি হচ্ছেন
নাটকের শেষ অঙ্কে এখন সবার চোখ। তাতে দৃষ্টি নিবদ্ধ আবদুর রহিমের ওপর। বাফুফের নির্বাচনে তিনি সভাপতি পদে কাজী সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী। তবে রহিম নির্বাচন না করার ঘোষণা দিতে পারেন বলে কাল গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনও শোনা যায়, একটা সমঝোতা হয়েছে দুজনের। রহিম সন্ধ্যার পর নির্বাচন না করার ঘোষণা দেবেন বাফুফে ভবনে এসে—এই গুঞ্জন চাউর হওয়ার পর অপেক্ষা বাড়তে থাকে সংশ্লিষ্ট সবার।তবে রাত নয়টায় টেলিফোনে রহিম পরিষ্কার কিছু বলেননি। তাঁর দাবি, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না।’ তারপর নিজেই বললেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ আগেই। এখন তো প্রার্থিতা প্রত্যাহার করা যাবে না।’রহিম সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ‘আমি নির্বাচন করব না’ জানিয়ে দিতে পারেন বলে শোনা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বললেন, ‘কোনো সুযোগ নেই। কিছু হলে আপনারা জানবেন।’ সিদ্ধান্ত জানানোর জন্য তাঁর নাকি রাত আটটার দিকে বাফুফে ভবনে যাওয়ার কথা। এটা মনে করিয়ে দিলে জানালেন, ‘বাফুফেতে আমি যেতে পারি রাত ১০টার দিকে।’ওদিকে রহিমকে বাফুফে ভবনে স্বাগত জানাতে তড়িঘড়ি করে রাতে সেখানে এসেছেন সালাউদ্দিন। সত্যিই যদি রহিম নির্বাচন না করেন, তাহলে হাঁফ ছেড়ে বাঁচবেন তিনি! সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত ঐক্য পরিষদের প্রার্থীরা কাল বিমানে যশোরে গিয়েছেন ওই অঞ্চলে প্রচারাভিযান চালাতে। সভাপতি পদ বাদে বাকি ২০ পদে এবার বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তার জন্যই প্রার্থীদের ঘুম হারাম!মামলা: এদিকে বাফুফের ৩০ এপ্রিলের নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়েছে। নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে কাল ঢাকার চতুর্থ সহকারী আদালতে মামলাটি করেছেন দুজন ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) কর্মকর্তা। তাঁরা হলেন চুয়াডাঙ্গা ডিএফএর সভাপতি শফিকুল ইসলাম ও গাইবান্ধা ডিএফএর সাধারণ সম্পাদক বিমান কুমার সরকার। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন এই নির্বাচন বাতিল করা হবে না, জানতে চেয়ে বাফুফের প্রতি কারণ দর্শানো নোটিশ জারি করেছেন আদালত। সর্বশেষশেষ পর্যন্ত বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবদুর রহিম। গতকাল রাতে কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে নির্বাচন না করার সিদ্ধান্তের কথা জানান সভাপতি প্রার্থী রহিম। একমাত্র প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়ানোয় সভাপতি পদে সালাউদ্দিনের পুনর্নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার মাত্র। কাউন্সিলরদের সালাউদ্দিনকেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন রহিম।