সালাউদ্দিনকে সময় দিয়েছেন ব্ল্যাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কাজী সালাউদ্দিন। বাফুফে সভাপতির আবেদনে সাড়া মিলেছে। আগামীকাল জুরিখে স্থানীয় সময় বেলা ১১টায় সালাউদ্দিনকে সময় দিয়েছেন ব্ল্যাটার। কাল রাতে জুরিখের উদ্দেশে রওনা হয়েছেন সালাউদ্দিন। যাওয়ার আগে বলে গেছেন, ‘বাংলাদেশের ফুটবলের উন্নয়নসহ সামগ্রিক বিষয়ে কথা বলব ফিফা সভাপতির সঙ্গে। বাংলাদেশের পেশাদার লিগের মনোন্নয়ন কীভাবে করা যায়, যুব ফুটবল উন্নয়ন ইত্যাদি বিষয়ে কথা বলব। আমি যেহেতু সাফের সভাপতি, কাজেই গোটা দক্ষিণ এশিয়ার ফুটবলের উন্নয়ন নিয়েও ফিফা সভাপতির দৃষ্টি আকৃষ্ট করব।’ বাংলাদেশের ফুটবলের জন্য কোনো সাহায্য চাইবেন কি না, এই প্রশ্নে সালাউদ্দিন বললেন, ‘আমি হাত পাতার জন্য যাচ্ছি না, সেটা ঠিকও নয়। তবে সুযোগ যখন এসেছে, বিস্তারিত আলোচনা করলে সেপ ব্ল্যাটার নিশ্চয়ই কিছু করবেন।’ জানা গেছে, ডিএফএ নিয়েও ব্ল্যাটারের সঙ্গে কথা বলবেন সালাউদ্দিন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারতের ফুটবল উন্নয়নে বিশেষ দৃষ্টি দিয়েছে ফিফা। এর মধ্যে আছে সে দেশের ক্লাবগুলোর বিশেষ আর্থিক অনুদান। বাংলাদেশের জন্য এমন অনুদানের চেষ্টা করা হলে ফিফা সভাপতি খালি হাতে ফেরাবেন না—এমন আশাবাদ জানালেন বাফুফের কয়েকজন কর্মকর্তা।