সালাউদ্দিনের দোহা-মিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ভিশন ২০২২’ সফল করতে দেশে টাকার জন্য দৌড়ঝাঁপ তো করছেনই, এবার কাজী সালাউদ্দিন ছুটলেন কাতারে। গতকাল তাঁর দোহায় যাত্রা যদিও আজকের স্পেন-উরুগুয়ে প্রীতি ম্যাচ দেখার আমন্ত্রণে সাড়া দিয়ে, তবে এই সফর থেকে আরও কিছু পেতে চান বাফুফে সভাপতি। ‘২০২২ কাতার বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে ভিশন ২০২২ ঘোষণা করেছি। এখন চাইছি কাতারকে আমাদের এই ভিশনের সঙ্গে সম্পৃক্ত করতে। আর্থিক, কারিগরি, অবকাঠামো উন্নয়ন, জাতীয় দলের সফর বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে কাতারের সহযোগিতা নেওয়া যায়। সেটি পাওয়ারই চেষ্টা করব এই সফরে’—কাতারে যাওয়ার আগে বলেছেন সালাউদ্দিন।শুধু কাতার নয়, বাহরাইন-কুয়েতের কাছ থেকেও সহযোগিতা নিতে চান বাফুফে সভাপতি। মোট কথা, সালাউদ্দিনের দৃষ্টিসীমায় এখন মধ্যপ্রাচ্য, ‘কাতার প্রথম পছন্দ। ওদের না পেলে বাহরাইন বা কুয়েতকে পাশে চাইব। ভিশন ২০২২ এগিয়ে নিতে যেভাবেই হোক একটা দেশকে পাশে পেতে চাই।’সালাউদ্দিনের পক্ষে সেটি পাওয়া অসম্ভব নয়। এশিয়ান ফুটবলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন অল্প দিনেই। সামনে এএফসির নির্বাচন। তাতে সাফের ভোট আটটি। সালাউদ্দিন নিজে সাফের সভাপতি। এই প্রভাব কাজে লাগিয়ে অক্টোবরে বাফুফের প্রস্তাবিত বঙ্গবন্ধু কাপের দল আনতেও কাজ করছেন সালাউদ্দিন। এই টুর্নামেন্টে কাতার, বাহরাইন ও কুয়েতকে আনার চেষ্টাও করবেন এই সফরে। লক্ষ্য আছে আরেকটি। আগামী আগস্টে বার্সেলোনা আসতে চেয়েছে ঢাকায়। বলা হচ্ছে, এতে প্রায় ৫০ কোটি টাকার মতো লাগবে। এ ব্যাপারে এশিয়ান ফুটবলের রথী-মহারথীদের সহযোগিতাও চাইবেন সালাউদ্দিন।