এই বিশ্বকাপে প্রত্যাশার চাপ কোন দলের ওপর সবচেয়ে বেশি? উত্তরটা হবে আফগানিস্তান!না, রসিকতা নয়। এটি খোদ একজন আফগান ক্রিকেটারের দাবি! কদিন আগে দলের মারকুটে উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ হাসতে হাসতে বললেন, ‘আমাদের দেশের মানুষ খেলাটা তেমন বোঝে না। এত খোঁজখবরও রাখে না। লোকে চায়, বিশ্বকাপে আমরা যেন সব ম্যাচই জিতি!’ওই খোঁজখবর কম রাখা আফগানদের আরেকটা ধারণাও বদ্ধমূল হয়ে যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই বুঝি ভারত-আফগানিস্তান লড়াই! ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়ে আফগানিস্তান জায়গা করে নিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবারও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে খেলেছিল আফগানিস্তান। এবারও তা-ই। ওই ম্যাচটি ছিল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ। বিশ্বাস করুন আর না-ই করুন, আজকের ভারত-আফগানিস্তান লড়াইও তা-ই, টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ!দল খুব ভালো না করলে আফগান সমর্থকেরা হতাশ হতে পারে। কিন্তু বাকি ক্রিকেট-বিশ্বের কাছে আফগানিস্তান আসলে ছাড়িয়ে গেছে জয়-পরাজয়ের সীমানা। আইসিসি ওয়ার্ল্ড ডিভিশন ফাইভ থেকে তরতর করে সিঁড়ি ভেঙে আফগানিস্তানের বিশ্বমঞ্চে উঠে আসা, আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ শক্তি হয়ে ওঠা হার মানায় রোমাঞ্চকর রুপালি পর্দার গল্পকেও। বিশ্বকাপ খেলাটাই তো আফগানদের জন্য চূড়ান্ত বিজয়, এখানকার ফলাফলে কী-ই বা এসে-যায়! আফগানদের তো হারানোর কিছু নেই।প্রেমাদাসা স্টেডিয়ামে আজ ভারতের মূল ভয় হয়তো এটাই। ভয়ডরহীন ক্রিকেট খেলে এমনিতেই নজর কেড়েছে আফগানিস্তান। প্রতি মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বেড়ে ওঠা, মর্টারশেল সরিয়ে খেলার জায়গা বের করা, শরীরের ঘাম দিয়ে রক্তের ছোপ মুছে দেওয়া আফগানদের ক্রিকেটের লড়াই মোটেও শঙ্কিত করে তোলে না। দলীয় শক্তিতে ভারতের সঙ্গে তুলনাই চলে না আফগানিস্তানের। কিন্তু মনে ভয় না থাকলে জয় করা যায় তো অনেক অজেয় শক্তিকেও!আফগানদের হালকাভাবে নেওয়ার ভুল না করলে ম্যাচ জিততে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় ভারতের। আজকের ম্যাচটা বরং তাদের দলীয় সমন্বয় খুঁজে পাওয়ার ম্যাচ। প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৮৫ করে হারের পর ভারতীয় ক্রিকেটের চিরন্তন প্রশ্নটা আবারও ঝড় তুলেছে—৫ বোলার, না ৪ বোলার? অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চাওয়া ৪ বোলার নিয়েই খেলা, অর্থাৎ যথারীতি ৭ ব্যাটসম্যান নামিয়ে ব্যাটিং দিয়েই ম্যাচ জয়ের চেষ্টা। পঞ্চম বোলারের কাজটা তাই যুবরাজ-শেবাগ-কোহলি-রোহিতদের ভাগাভাগি করতে হবে।আফগানদের চোখ কিন্তু ওদিকেই। পঞ্চম বোলার সমস্যা আর ভারতের বোলিং দুর্বলতা কাজে লাগানোই আফগানদের পরিকল্পনা, জানালেন শাহজাদ। অধিনায়ক নওরোজ মঙ্গলের দাবি, ২০১০ বিশ্বকাপের পর আফগানিস্তানে ক্রিকেট খেলতে শুরু করেছে প্রায় ৭০ হাজার আফগান, এখন সংখ্যাটা প্রায় পাঁচ লাখ। বিশ্বকাপে ‘দৈত্য-বধ’ করে সেই উন্মাদনা আরও ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন মঙ্গলরা। ভারতের চাওয়া থাকবে দাপুটে জয়ে বড় লড়াইয়ের জন্য নিজেদের শাণিত করা। আফগানরা কি পারবে সাহস দিয়ে ভারতীয় শক্তি জয় করতে? এএফপি, ওয়েবসাইট।