সাহসী ইংল্যান্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১২০ মিনিট দুর্দান্ত খেলেছে দল, শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে উঠেছে সেমিফাইনালেও। ইতালির কোচ সিজারে প্রানদেল্লি তো খুশি হবেনই। রয় হজসনের তো আর সেই উপায় নেই। আরেকটি টাইব্রেকার-দুঃস্বপ্নের পর ইংল্যান্ড কোচ সান্ত্বনা খুঁজছেন খেলোয়াড়দের ‘সাহসী’ পারফরম্যান্সে।পরশু কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচের সারসংক্ষেপই যেন এঁকে দিয়েছেন প্রানদেল্লি। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ইতালি কোচ বলেছেন, ‘আমরা ফুটবল খেলার চেষ্টা করেছি এবং তাদের (ইংল্যান্ড) রক্ষণ থেকে বের করে আনার চেষ্টা করেছি। কিন্তু তারা রক্ষণ ছেড়ে বেরিয়ে আসতে চায়নি।’ তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে খুশি প্রানদেল্লি, ‘খেলোয়াড়েরা শুধু দারুণ নয়, দারুণেরও বেশি ছিল। টাইব্রেকারে একটু ভাগ্য লাগে। সেটি আমরা পেয়েছি। তবে জয়টা আমাদের প্রাপ্যই ছিল।’শুরুর কিছুটা সময় বাদ দিয়ে পুরো ম্যাচেই আক্রমণের ঢেউ তুলে গেছে ইতালি। ইংলিশরা নাক-মুখ গুঁজে ঠেকিয়ে গেছে। তবে ১২০ মিনিট গোল না খেয়ে কাটিয়ে দেওয়াটা সহজ ছিল না। সাহসের সঙ্গে সেটাই দারুণভাবে করায় হজসন পিঠ চাপড়ে দিচ্ছেন খেলোয়াড়দের, ‘আমি মনে করি না, আজ (পরশু) রাতে আমি খেলোয়াড়দের কাছে এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম। তারা তাদের সর্বোচ্চটা দিয়েছে।’যদিও হজসন মানছেন, তাঁর দল জেতার মতো খেলা খেলেনি, ‘৯০ মিনিটেই ম্যাচ জেতার মতো যথেষ্ট ভালো আমরা ছিলাম না। আর ম্যাচ পেনাল্টি শ্যুটআউটে গড়ানোর পর আগে আরও অনেকবারের মতো এবারও আমরা ভেঙে পড়েছি।’ ইংলিশদের অতীত টাইব্রেকার বিভীষিকার কথা স্মরণ করে হজসন বলেছেন, ‘অনুশীলনে এই ছেলেদের অনেক পেনাল্টি নিতে দেখেছি। সেখানে তারা খুব ভালো করেছে। কিন্তু অনুশীলনে তো আর ম্যাচের টেনশন, উপলক্ষ বা নার্ভাসনেস তৈরি করা সম্ভব নয়। আমরা আত্মবিশ্বাসী ছিলাম, আমাদের পেনাল্টি নেওয়ার মতো ভালো পাঁচজন খেলোয়াড় আছে। কিন্তু দুর্ভাগ্যবশত দুজন মিস করে বসেছে।’ মিস করেছেন দুই ‘অ্যাশলি’—কোল ও ইয়াং। পেনাল্টি নেওয়ার জন্য ঠিক পাঁচজনকেই বেছে নেওয়া হয়েছিল বলে দাবি হজসনের, ‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আপনারা অ্যাশলি কোলের পেনাল্টি দেখেছেন, ওয়াটফোর্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইয়াংও অনেক পেনাল্টি নিয়েছে।’ এএফপি, রয়টার্স।