সাহসী মেয়েদের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলসিন্দুর স্কুলের মেয়েরা জিতেছে অধরা শিরোপা। প্রধানমন্ত্রীর কাছ থেকেই নিল আরাধ্য শিরোপাটি। ছবি: প্রথম আলো
কলসিন্দুর স্কুলের মেয়েরা জিতেছে অধরা শিরোপা। প্রধানমন্ত্রীর কাছ থেকেই নিল আরাধ্য শিরোপাটি। ছবি: প্রথম আলো

নিজে একসময় ফুটবল খেলতেন। কিন্তু স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে কখনো জাতীয় দলে খেলার সুযোগ হয়নি। চাকরি হিসেবে বেছে নেন স্কুলের শিক্ষকতা। কিন্তু মনের গহিনে লুকিয়ে থাকা স্বপ্নের কুড়িগুলো এবার ফুল হয়ে ফোটাল তাঁরই হাতে গড়া মেয়েরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ বিকেলের সোনালি আলোয় মিনতি রানী শীলের হাতের ট্রফিটা যে বড্ড বেশি ঝকঝক করছিল!
বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবলের চ্যাম্পিয়ন ট্রফিটা এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নেবেন সেটা কখনো স্বপ্নেও ভাবেননি ময়মনসিংহ ধুবাউড়া কলসিন্দুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা! আনন্দে আর গর্বে শুধু মেয়েদের প্রশংসাই করে যাচ্ছিলেন। ফাইনালে দুর্দান্ত খেলে ৪-১ গোলে কলসিন্দুর স্কুল হারিয়ে দিয়েছে রাঙামাটি কাউখালী মগাছড়ি প্রাইমারি স্কুলকে।
নকআউট টুর্নামেন্টের ফাইনালে আসতে কম কাঠখড় পোড়াতে হয়নি কলসিন্দুর স্কুলের মেয়েদের। গত তিনবার তারা হয়েছিল বিভাগীয় চ্যাম্পিয়ন। কিন্তু এবার জিতেছে অধরা শিরোপা। শুরুর দিকের কষ্টের কথা মনে পড়তেই বেদনায় নীল হয়ে গেল মিনতি রানীর কণ্ঠ, ‘স্কুলের মাঠে প্রতিদিন বিকেলে ছেলেরা খেলতে আসত। এসব দেখে আমার মনে হত, যদি এই মেয়েদের স্কুলের মাঠে খেলাতে পারতাম! এরপর একদিন বেশ কিছু মেয়েকে ডেকে খেলা শুরু করি। কিন্তু প্রথম প্রথম এলাকার অনেকে ভয় দেখাত। হুমকি দিত। বলত, ‘‘মেয়েরা খেলে কী করবে?’’ আমি এসব হুমকিতে দমে যাইনি।’ শুধু তাই নয়। এই মেয়েদের বল কেনার টাকাও ছিল না। অনুশীলনের খরচ জোগাতে হাত পাততে হয়েছে অনেকের কাছে। কেউ ২০০, কেউ ৪০০ টাকা চাঁদা দিয়েছে। যখন টুর্নামেন্টে মেয়েরা ভালো খেলতে শুরু করল, স্থানীয় জেলা প্রশাসক সাহায্যের হাত বাড়িয়ে দেন। আজ চ্যাম্পিয়ন হওয়ার পর সবাই ফেললেন স্বস্তির নিঃশ্বাস।
ফুটবলের অ-আ-ক-খ ভালোই জানা আছে মিনতি রানীর। সারাক্ষণ মেয়েদের শেখাতেন কীভাবে প্রেসিং আর পাসিং ফুটবল খেলতে হয়। নিজে রাত জেগে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন। দেখেন স্প্যানিশ লিগও। নিজের ল্যাপটপে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনালের ভালো ভালো ম্যাচের ভিডিও জোগাড় করে রাখতেন। এরপর অনুশীলন শেষে সন্ধ্যা বেলা নিজের বাড়িতে বসিয়ে সেগুলো দেখাতেন মেয়েদের। দেখাতেন কীভাবে মেসির জাদুকরি পাসে জিতছে বার্সেলোনা। কীভাবে রোনালদো গোল করছেন। সবই মনোযোগ দিয়ে শিখেছে তহুরা, ফাতেমারা। এই স্কুলের দুই ফুটবলার তাসলিমা ও মদিনা বয়সভিত্তিক জাতীয় অনূর্ধ্ব-১৪ দলে খেলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাহাড়ি মেয়েদের সঙ্গে টেক্কা দিয়ে এতটাই দুর্দান্ত খেলেছে ওরা, ম্যাচ শেষে প্রশংসা ঝরে পড়েছে খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠেও। পুরস্কার হাতে তুলে দিয়ে শেখ হাসিনা বলছিলেন, ‘আশা করি এই টুর্নামেন্টের মধ্য দিয়ে ভবিষ্যতে আরও ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।’
বর্তমান জাতীয় মহিলা ফুটবল দলে পাহাড়িদেরই আধিক্য। সুইনু, মাইনুরাই এখন লাল-সবুজের পতাকা ওড়াচ্ছেন। ওঁদের ছাড়িয়ে তাসলিমারাই যে মাঠ মাতাবেন, সেই দিনটা মনে হয় বেশি দূরে নেই।