সাহিত্যপ্রেমীর সাঁতারজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলায় দুটোই শুরু ‘স’ দিয়ে। এ ছাড়া সাহিত্য আর সাঁতারের মধ্যে আর কোনো মিল আছে বলে মনে হয় না। কিন্তু এই দুটোর প্রেমেই মজে গিয়েছিলেন ইয়ানিক অ্যাগনেল। সাহিত্য পড়তে ভীষণ ভালোবাসেন, মনের মতো বই পেলেই ডুবে যেতেন তাতে। স্বপ্ন ছিল সাঁতারু হওয়ার। স্বাভাবিকভাবেই খাবি খাচ্ছিলেন দুই ‘স’-এর চক্করে। একসময় রেগেমেগে সাঁতার কোচ বললেন, ‘সাহিত্য ভূত মাথা থেকে নামাও, সাঁতারে মন দাও।’ গুরুবাক্য আপ্ত মেনে অ্যাগনেল মন দিলেন সাঁতারে। ফলও মিলল, লন্ডন অলিম্পিকে দু-দুটো সোনা জয়!লন্ডন অ্যাকুয়াটিকস সেন্টারে ঝড় তুলেছেন শুধু দুটি সোনা জিতেই নয়। অ্যাগনেল পরিচিতি পেয়ে গেছেন ‘যুক্তরাষ্ট্র ঘাতক’ নামে। ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে প্রথম তিন স্ট্রোকেই এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। শেষ স্ট্রোকে ছিলেন সময়ের সবচেয়ে আলোচিত তারকা রায়ান লোকিট। যুক্তরাষ্ট্রের জয়টা নিশ্চিতই ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্সে লোকিটকে পেছনে ফেলে ফ্রান্সকে নাটকীয়ভাবে সোনা এনে দেন অ্যাগনেল। যা দেখে মাইকেল ফেল্প্স পর্যন্ত বলেছেন, ‘অ্যাগনেল স্রেফ অবিশ্বাস্য!’লোকিটও যুক্তরাষ্ট্রকে এর চেয়েও বড় ধাক্কা দিলেন পরদিন। ২০০ মিটার ফ্রি-স্টাইলে পরিষ্কার ফেবারিট ছিলেন লোকিট, দৃষ্টি ছিল বিশ্বরেকর্ডধারী পল বিডারম্যান ও দক্ষিণ কোরিয়ার পার্ক তাই-হনের দিকেও। কিন্তু আরেকটা অবিশ্বাস্য সাঁতারে সোনা জিতে নিলেন অ্যাগনেল, পার্ক রুপা। আর ফেবারিট লোকিট চতুর্থ! পুলে ঝড় তুললেও সাহিত্য প্রেম ছিন্ন করেননি অ্যাগনেল। ২০ বছর বয়সী তারকার এখনো অবসরের প্রিয় সঙ্গী বই। দুই ইভেন্টের মাঝখানে সবাই একে অন্যের সঙ্গে গল্পে মাতে, কেউ বা ঝিম মেরে বসে থাকে টেনশন নিয়ে। আর অ্যাগনেল ডুবে থাকেন বোদলেয়ারের কবিতায়! যখন সময় হয়, কবিতার বই থেকে মুখ তুলে পুলে নেমে তুলে আনেন সোনা! সাহিত্যপ্রেমীর লক্ষ্য আজ ১০০ মিটার ফ্রি-স্টাইলও জিতে সোনার ‘ট্রিপল’ পূর্ণ করা।সাহিত্য আর সাঁতারকে মেলানোর অসাধ্য সাধন যিনি করতে পেরেছেন, তিন সোনা জয় তাঁর কাছে খুব কঠিন হওয়ার কথা নয়! এএফপি।