সকাল থেকেই মওলানা ভাসানী হকি স্টেডিয়াম ছিল উৎসবমুখর। সবার গায়ে সাদা টি-শার্ট, মাথায় টুপি। লেখা—৪০ বছর পূর্তি উৎসব। সাবেক হকি তারকা আবদুস সাদেক, জুম্মন লুসাই, সাব্বির ইউসুফ, জামাল হায়দার থেকে শুরু করে বর্তমান জাতীয় দলের জিমি, চয়ন, চন্দনরা সবাই এসেছিলেন।শোভাযাত্রা দিয়ে শুরু অনুষ্ঠান। এরপর সাবেক খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, আম্পায়ার, বিভিন্ন ক্লাব ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের দেওয়া হয় সম্মাননা স্মারক। বিকেলে নুরুল ইসলাম (নান্না) একাদশ ও ইউসুফ রেজা একাদশ নামে সাবেক খেলোয়াড়েরা অংশ নেন প্রীতি ম্যাচে।তবে সাবেক-বর্তমান খেলোয়াড়দের মিলনমেলায় রূপ নেওয়া অনুষ্ঠান আয়োজন সমালোচনামুক্ত থাকতে পারেনি। প্রীতি ম্যাচের শুরুতে ছিল না আম্পায়ার। খাবার নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন অতিথিদের অনেকেই। বেশির ভাগ খাবারের প্যাকেটই ছিল ছেঁড়া। টার্ফের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ল খাবার। মাত্র পাঁচজন খেলোয়াড়কে সম্মাননা দেওয়াতেও উঠেছে প্রশ্ন। অনুষ্ঠান বর্জন করেছেন মোহামেডানের খেলোয়াড়-কর্মকর্তারা। তবে এসব ছাপিয়ে ৪০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনেরই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ আদেল, ‘সাধারণত কোনো ফেডারেশনে ২৫ বা ৫০ বছরের পূর্তি উৎসব হয়। কিন্তু কার স্বার্থে ৪০-৪১ বছর পূর্তি? এই টাকাটা খেলোয়াড়দের পেছনে ব্যয় করলেই ভালো হতো। খেলোয়াড়েরা বিশ্ব হকি লিগে খেলতে দিল্লি যাবে বাসে ও ট্রেনে। কিন্তু বিমানে কেন পাঠানো হচ্ছে না? আগে গিয়ে অন্তত দু-একটা প্রস্তুতি ম্যাচ খেললেও ভালো হতো। এ তো ঋণ করে ঘি খাওয়ার মতো ব্যাপার।’ পুরো আয়োজনকে বর্তমান কমিটির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন তিনি, ‘আমি বলব, এটা একটা নির্বাচনী প্রচারণা।’এসব অভিযোগের জবাবে অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ বলেছেন, ‘৪০ বছরের অনুষ্ঠান করা যাবে না, এটা কোথাও লেখা নেই। অতীতে হয়নি বলে এখন আমরা করতে পারব না, এমন কোনো কথা নেই। আমি যেহেতু এই সময়ে দায়িত্বে, তাই আমিই এটার উদ্যোগ নিয়েছি।’ বললেন, নির্বাচনী প্রচারণার লক্ষ্যেও এই অনুষ্ঠান করা হয়নি, ‘এখানে যাঁরা এসেছেন তাঁদের সবাই কিন্তু কাউন্সিলর নন। কাউন্সিলর মাত্র ৭০ জন। বাকি যাঁরা এসেছেন তাঁরাও কি নির্বাচনের অংশ?’ তাঁর দাবি, খেলোয়াড়দের বাসে-ট্রেনে দিল্লি পাঠানোর সঙ্গে এই আয়োজনের কোনো সম্পর্ক নেই, ‘এই অনুষ্ঠানের খরচ ফেডারেশনের টাকায় হয়নি। এটা স্পনসরদের টাকায় হয়েছে।’অসুস্থ থাকায় অনুষ্ঠানে আসেননি সাবেক হকি তারকা বশির আহমেদ। তবে আরেক সাবেক খেলোয়াড় ও কোচ এহতেশাম সুলতান বললেন, ‘আমরা যা করতে পারিনি, এরা তা করে দেখিয়েছে। ফেডারেশন আমাদের যে সম্মান দিয়েছে তাতে আমরা খুশি।’