সাড়ম্বরে নেপালে যাচ্ছে হ্যান্ডবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে কালো ব্লেজার। বুকে লাল-সবুজ লোগো। গলায় নীল টাই। সার বেঁধে অন্য রকম এক হ্যান্ডবল দলই যেন এল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভবনে।উপলক্ষটা জানাই। কাঠমান্ডুতে ১৩-১৮ ডিসেম্বর আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত চ্যালেঞ্জ ট্রফিতে খেলতে আজ রওনা হচ্ছে বাংলাদেশ। প্রস্তুতির বিস্তারিত জানাতে বিওএ ভবনে ব্যতিক্রমী এই উদ্যোগ হ্যান্ডবল ফেডারেশনের। পুরুষ ও মহিলা দুই বিভাগেই খেলবে বাংলাদেশ।গতবার এই প্রতিযোগিতা হয়েছিল ঢাকায়, বাংলাদেশ জিতেছিল ব্রোঞ্জ। এবার ফাইনালে উঠতে চায় বাংলাদেশ। টুর্নামেন্টে আছে আরও পাঁচটি দল—আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ইয়েমেন ও স্বাগতিক নেপাল। গ্রুপিং না লিগভিত্তিক খেলা, তা এখনো ঠিক হয়নি। বাংলাদেশ মনে করে, ভারত-পাকিস্তানকে হারাতে পারলে ফাইনালে খেলা সম্ভব, যদিও কাজটা বেশ কঠিন।তা জেনেও কোচ কামরুল ইসলাম আশাবাদী, ‘প্রতিটি ম্যাচেই লড়ব আমরা। ভালো ফল করতে চাই।’ তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর দলটি অনভিজ্ঞ বলে খুব বেশি প্রত্যাশার বোঝা চাপাতে চান না।এবার বাংলাদেশ দল এক মাসের ক্যাম্প করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানিয়ে নিতে কোর্সও হয়েছে। খাবার টেবিল থেকে শুরু করে মাঠ, দেশের ভাবমূর্তি তুলে ধরা—এসব ব্যাপারেও খেলোয়াড়দের ধারণা দেওয়া হয়েছে। ফেডারেশনের সম্পাদকের ভাষায়, ‘একটা নতুনত্ব আনলাম আমরা।’বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এই প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাজীব উদ্দিন আহমেদ প্রমুখ।