সাড়ে ছয় বছর আগে-পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস ফিরে আসে। তাই বলে এভাবে?২০০৫ সালের জানুয়ারির ঢাকা যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ২০১১ সালের আগস্টের হারারের সঙ্গে! সাড়ে ছয় বছর পর আবার টেস্টে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। সাড়ে ছয় বছর! অথচ দুই টেস্টে এমন অদ্ভুত মিল যে, যেন হারারেতে রিপ্লে হচ্ছে ঢাকা টেস্টের!একনজরে মিলগুলো দেখে নিন— ঢাকা টেস্টের চতুর্থ দিনে ২৮৬ রানে শেষ হয়েছিল জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। হারারেতে জিম্বাবুয়ে ডিক্লেয়ার করল ৫ উইকেটে ২৯১ রানে। ঢাকায় দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক টাটেন্ডা টাইবু। হারারেতেও জিম্বাবুয়ে-অধিনায়কের সেঞ্চুরি। এখানে ব্রেন্ডন টেলর। ঢাকা টেস্টে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে টাইবু ও টেলরের সেঞ্চুরি পার্টনারশিপ (১৫০) হয়েছিল। এখানেও সেই দুজনের সেঞ্চুরি পার্টনারশিপ (১১৩)। সেই পঞ্চম উইকেটেই। ঢাকা টেস্টে বাংলাদেশের সামনে জয়ের টার্গেট ছিল ৩৭৪ রান। হারারেতে ৩৭৫।আরেকটি মিলের কথাই বা বাদ থাকে কেন? ঢাকা টেস্টে বাংলাদেশের এক ওপেনারের পদবি ছিল ‘ইকবাল’। এখানেও তাই। ঢাকায় নাফিস ইকবাল। হারারেতে তাঁর ছোট ভাই তামিম ইকবাল।ঢাকার ওই টেস্ট ড্র করায় সবচেয়ে বড় ভূমিকাও ছিল নাফিস ইকবালের। প্রায় আট ঘণ্টা ব্যাটিং করে করেন ১২১ রান।এতক্ষণ মিলের কথা হলো। এবার দুই টেস্টে একটা পার্থক্যের কথাও বলি। ঢাকায় উদ্বোধনী জুটিতে ১৩৩ রান তুলে ফেলার পরও জয়ের কথা না ভেবে ড্রয়ের জন্য খেলেছিল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট জেতায় প্রথম টেস্ট সিরিজ জিততে ড্র-ই ছিল যথেষ্ট। এখানে বাংলাদেশ ড্রয়ের কথা ভাববে নিতান্তই হেরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে। সাড়ে ছয় বছর পর টেস্ট প্রত্যাগত জিম্বাবুয়ের সঙ্গে ড্র-ই যে প্রতিপক্ষকে নৈতিক জয় উপহার দেবে।লক্ষ্যে যে পার্থক্য, সেটি দুই ইকবালের পার্থক্যের সঙ্গে বড় মানিয়ে যায়। এই টেস্টের আগেই তামিম ইকবাল বড় ভাইয়ের সেই সেঞ্চুরির স্মৃতিচারণ করে বলছিলেন, ‘সেঞ্চুরির চেয়ে বেশি খুশি হয়েছিলাম ভাইয়া গাড়ি পেয়েছিল বলে। জানতাম, সেঞ্চুরি করলেই গাড়ি।’ দুই ইকবালের যে পার্থক্যের কথা বলা হচ্ছে, এরপর সেটিও বলে দিয়েছিলেন নিজেই, ‘ও আর আমি আলাদা ব্যাটসম্যান।’এতটাই আলাদা যে ঢাকা টেস্টে নাফিসের মতো হারারেতে তামিম ৩৫৫ বল খেললে ডাবল সেঞ্চুরি কেউ ঠেকাতে পারত না। কিন্তু তামিম যে টিকলেন মাত্র ৪৪ বল! তাতেই ৪৩ রান। আরও বড় কিছু লাগত। কারণ ডাবল সেঞ্চুরি না হোক, এই টেস্ট জিততে হলে সেঞ্চুরি একটা লাগবেই।সাকিব আল হাসান এই টেস্টে বাংলাদেশের পক্ষে তিনটি সেঞ্চুরি চেয়েছিলেন। এখন পর্যন্ত একটিও হয়নি। উল্টো জিম্বাবুয়ের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি। প্রথম ইনিংসে হ্যামিল্টন মাসাকাদজা, দ্বিতীয় ইনিংসে ব্রেন্ডন টেলর।দুটি সেঞ্চুরিই স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল। মাসাকাদজা অভিষেকে সেঞ্চুরির ১০ বছর পর পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরি। ব্রেন্ডন টেলরের অভিষেকে সেঞ্চুরি, তবে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে। জিম্বাবুয়ের আরেক জনের এই কীর্তি আছে। ডেভিড হাউটনও অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন। সেটি আবার ছিল জিম্বাবুয়েরও টেস্ট অভিষেক। অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি টেস্ট ক্রিকেট অনেক দেখেছে। তবে টেলরের মতো অধিনায়কত্বের অভিষেকে কেউ ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন কি না, সেটির উত্তর প্রেসবক্সে অনেক গবেষণায়ও মিলল না।মিলের লেখায় আরেকটা মিলও যোগ হোক না কেন! হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট ম্যাচেও অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছিল একজনের। কাল দুপুরে বাংলাদেশের ড্রেসিংরুমের ব্যালকনিতে বসে তিনি ব্রেন্ডন টেলরের সেঞ্চুরি দেখলেন। দেখতে দেখতে কি হাবিবুল বাশারের মনে পড়ছিল ২০০৪ সালের হারারে টেস্টের কথা? মনে পড়লে সেটি মিলের কারণে নয়। টেলরের দুই ইনিংসে ৭১ ও অপরাজিত ১০৫। আর টেস্ট অধিনায়কত্বের অভিষেকে হাবিবুল দুই ইনিংসেই আউট হয়েছিলেন শূন্য রানে। তাঁর আগে টেস্ট ক্রিকেটে এই ‘হরিষে বিষাদ’-এর অভিজ্ঞতা ছিল মাত্র দুজনের। অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে ‘পেয়ার’ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার মার্ক টেলর ও পাকিস্তানের রশিদ লতিফও।মিলের নেশায় আরেকটি মিলও যোগ করে দিতে ইচ্ছা করছে। হারারেতে এই দুদলের সর্বশেষ টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ স্কোরার (৯৮) ছিলেন মোহাম্মদ আশরাফুল। এবারও তা-ই। সাড়ে ছয় বছর আগের ঢাকা টেস্টের সঙ্গে এই হারারে টেস্টের এত মিলের চেয়েও বড় বিস্ময় মনে হচ্ছে এটিকে। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোরার আশরাফুল? টেস্ট শুরুর আগে কেউ ভেবে থাকলে হাত তুলুন প্লিজ!