সাড়ে তিন বছর পর প্রথম বিভাগ হকি
প্রায় সাড়ে তিন বছর পর বাংলাদেশ রেলওয়ে ও মুক্ত বিহঙ্গের ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। এবারের লিগে দুই গ্রুপে অংশ নিচ্ছে মোট ১০টি দল—ব্যাচেলর্স ক্লাব, ফরাশগঞ্জ এসসি, উত্তরা হকি ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স, বর্ণক সমাজ, বাংলাদেশ রেলওয়ে, শিশু-কিশোর সংঘ, কম্বাইন্ড এসসি, ভিক্টোরিয়া ও মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ। প্রতিটি দল বিদেশি খেলোয়াড় নিতে পারবে দুজন করে। এই প্রথম বিদেশি খেলোয়াড় দেখবে প্রথম বিভাগ লিগ।দুই গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে হবে সুপার ফোর। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। আর সহযোগী পৃষ্ঠপোষক ওয়ালটন, যারা সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দেবে এলসিডি টেলিভিশন। চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার ও রানার্সআপ ১৫ হাজার টাকা করে। প্রথম বিভাগের চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে প্রিমিয়ারে উঠবে, যদিও এবার অবনমন নেই। এ ব্যাপারে লিগ কমিটির সম্পাদক সুলতান উদ্দিন আহমেদের হাস্যকর ব্যাখ্যা, ‘ক্লাবগুলোই আমাদের শর্ত দিয়েছে যে অবনমন থাকলে তারা খেলবে না। যেহেতু মাঝে কয়েক বছর খেলা ছিল না, তাই খেলাটা মাঠে নামানোর স্বার্থেই আমরা এই শর্ত মেনে নিয়েছি।’ প্রথম বিভাগ হকি লিগের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ।