ওয়ানডেতে সাড়ে তিন শ রান। ভিভ রিচার্ডসের ১৮১ রানের (১২৫ বলে) বিস্ফোরক ইনিংসের কল্যাণেই প্রথম দেখেছিল ক্রিকেট-বিশ্ব। ১৯৮৭ বিশ্বকাপে করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৬০ রান করা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এরপর ভুলেই গিয়েছিল সাড়ে তিন শর স্বাদ। ওয়ানডে ক্রিকেট এরপর আরও ৬৩ বার ৩৫০ রানের ইনিংস দেখেছে, কিন্তু এর কোনোটাই ওয়েস্ট ইন্ডিজের ছিল না। অবশেষে কাল হ্যামিল্টনে ঘুচেছে ক্যারিবীয় আক্ষেপ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই ওয়ানডেতে ৩৫০ করতে পারেনি। জিম্বাবুয়ে করেছে একবার, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড করেছে দুবার। সবচেয়ে বেশি ১৯ বার সাড়ে তিন শ ছাড়ানো ইনিংস খেলেছে ভারত। এ ছাড়া পাকিস্তান (৪), শ্রীলঙ্কা (৪), নিউজিল্যান্ড (৮), অস্ট্রেলিয়া (১১) ও দক্ষিণ আফ্রিকাও (১৪) খেলেছে ৩৫০ রানের ইনিংস।