সাড়ে ৩ কোটিতে কেকেআরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

‘বেজ প্রাইস’ বা সর্বনিম্ন দাম ছিল ১ কোটি রুপি। কিন্তু আইপিএল খেলোয়াড় নিলামের প্রথম দিনে সাকিব আল হাসানকে কিনতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছিল দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্স।
শোনা যাচ্ছে, এবারের আইপিএলের কয়েকটি ম্যাচ হতে পারে বাংলাদেশে। বাংলাদেশি অলরাউন্ডারকে নিয়ে দুই দলের টানাটানি সেই সম্ভাবনার কারণে হতেও পারে! শেষ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি) সাকিবকে কিনে নেয় তাঁর পুরোনো দল শাহরুখ খানের কেকেআরই। সাকিবসহ এবারের নিলামে আছেন বাংলাদেশের চারজন ক্রিকেটার। এঁদের মধ্যে ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালের সর্বনিম্ন দাম ৫০ লাখ রুপি। ৩০ লাখ রুপি ‘বেজ প্রাইস’ সোহাগ গাজী ও মাহমুদউল্লাহর। তবে প্রথম দিনে সাকিব ছাড়া বিক্রি হননি বাংলাদেশের আর কেউ।
এর আগে ডলারে নিলাম হলেও এবার খেলোয়াড়দের নিলাম হচ্ছে ভারতীয় রুপির অঙ্কে। প্রথম দিনে সবচেয়ে বেশি দামে বিকিয়েছেন আগের দুই আসরে কিংস ইলেভেন পাঞ্জাব ও পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলা ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। তাঁকে ১৪ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলির পাশে যুবরাজ, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে আইপিএলে এবার বেশ শক্তিশালী দল গড়ছে বিজয় মালিয়ার দলটি। যুবরাজের পর সর্বোচ্চ সাড়ে ১২ কোটি রুপিতে দিনেশ কার্তিককে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। বাজে ফর্ম দাম কমিয়েছে দুই পাঠান ভাই ইরফান ও ইউসুফের। ২০১১ সালের নিলামের চেয়ে এবার প্রায় এক-চতুর্থাংশ কম দাম পেয়েছেন তাঁরা।
তবে প্রথম দিনে মাহেলা জয়াবর্ধনে, রস টেলর, ম্যাথু ওয়েড, কুশল পেরেরা, তিলকরত্নে দিলশান, ডেভিড হাসি, নাথান ম্যাককালাম, ড্যারেন ব্রাভোর মতো নামীদামি ক্রিকেটাররাও থেকে গেছেন অবিক্রীত। আজ আবার এঁরা নিলামে উঠবেন। সনি সিক্স ও ওয়েবসাইট।